২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী উন্নয়ন একাডেমির সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদক আইনে ব্যবস্থা

মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সাবেক ক্রেডিট সুপারভাইজার মো. আহসান হাবিবের বিরুদ্ধে দুদক আইনে ২৮(গ) ধারায় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 08:33 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর জানিয়েছে।

দুদক আইনে ২৮(গ) এর উপধারা ২৮(গ)(১) অনুসারে, কোনো ব্যক্তি মিথ্যা তথ্য প্রদান করলে তিনি এই ধারার অধীনে অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং এ অপরাধের জন্য দুই থেকে পাঁচ বছর পযন্ত সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

দুদক জানায়, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক মো. মাহমুদ হোসেন খান, ভারপ্রাপ্ত মহাপরিচালক এম এ মতিন ও পরিচালক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে আহসান হাবিব ২০১৪ সালে একটি মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০০৮ সালে একাডেমিতে ‘রিসোর্স ইনভেস্টিগেটর’ পদে চাকরি দেওয়ার নাম করে আহসান হাবিবের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন আসামিরা। কিন্তু চাকরি দেননি।পরে মামলাটি দুদক অনুসন্ধান করে।

অনুসন্ধানে দেখা যায়, ২০০৮ সালে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে ‘রিসোর্স ইনভেস্টিগেটর’ পদে  নিয়োগের জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, এমনকি আহসান হাবিব কোনো আবেদনও করেননি।

এরপর অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করে দুদক। পাশাপাশি অভিযোগকারী মো. আহসান হাবিবের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ২৮(গ) ধারায় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বলে দুদক জানিয়েছে।

আহসান হাবিব ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পল্লী উন্নয়ন একাডেমির আওতায় বাগেরহাট গোটাপাড়া আর্সেনিক ও সিএডি উপ-প্রকল্পতে ক্রেডিট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

ওই সময় তিনি প্রকল্পের আওতায় সুবিধাভোগী সদস্যদের কাছ থেকে ঋণের কিস্তি ও সঞ্চয় বাবদ ৪ লাখ ১১ হাজার ৬৯৪ টাকা আদায় করে একাডেমির সংশ্লিষ্ট খাতে জমা না করে আত্মসাৎ করেন। অর্থ আত্মসাতের অভিযোগে তাকে ২০১১ সালের ২৫ আগস্টের একাডেমি থেকে বরখাস্ত করা হয়।

পরে একাডেমি আহসান হাবিবের বিরুদ্ধে ২০১৩ সালে মামলা করে।