রাজধানীতে বিএমডব্লিউ গাড়ি জব্দ
ঢাকার গোলাপবাগ এলাকার একটি বাড়ির গ্যারেজ থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে র্যাব।
র্যাব-৩ এ দায়িত্বরত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোলাপবাগের ২৩/বি হোল্ডিংয়ের গ্যারেজে গাড়িটি পাওয়া যায়।
“ওই বাড়ির গ্যারেজে একটি দামি গাড়ি পড়ে আছে বলে খবর পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।”
গাড়িটির দাম আনুমানিক তিন কোটি টাকা বলে এই র্যাব কর্মকর্তা জানান।
আমিনুল ইসলাম বলেন, ওই গ্যারেজের তত্ত্বাবধায়ক জিজ্ঞাসাবাদে তাদের জানান, বাড়ির মালিকের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের সুবাদে আবুল হোসেন নামে এক ব্যক্তি দেড় মাস আগে গাড়িটি সেখানে রেখে যায়।
“কিন্তু আবুল হোসেনের সঙ্গে যোগযোগ করলে তার কথায় সন্দেহ হয়। পরে বিআরটিএ কার্যালয়ে যোগাযোগ করে জানতে পারি, গাড়ির প্রকৃত মালিক তানভীর নামে উত্তরার এক ব্যক্তি।”
র্যাব কর্মকর্তা আমিনুল জানান, ওই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ‘ভুয়া’, কাগজপত্রও ঠিক নেই।
“শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি কেনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোরাচালান, মাদক ব্যবসা বা অন্য কোনো অপরাধমূলক কাজেও গাড়িটি ব্যবহার করা হয়ে থাকতে পারে।”
