গাবতলীর ৭ শ্রমিক ফের রিমান্ডে
পরিবহন ধর্মঘট চলাকালে ঢাকার গাবতলীতে সংঘর্ষের এক মামলায় জিজ্ঞাসাবাদ শেষে আরেক মামলায় সাত শ্রমিককে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ওই ঘটনায় দারুস সালাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন রোববার মঞ্জুর করে এই রিমান্ড আদেশ দেন ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস।
এই শ্রমিকরা হলেন- রফিকুল ইসলাম, হাসানুর, রবিন, মো. সোহেল, ফজলে রাব্বী, আলামিন ও এনামুল হক।
একই ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় একদিন করে রিমান্ড শেষে গত শনিবার মহানগর হাকিম খুরশীদ আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
গত মঙ্গল ও বুধবার ধর্মঘটের মধ্যে গাবতলীতে সংঘর্ষের সময় এই সাত শ্রমিক গ্রেপ্তার হয়েছিলেন।
বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পুলিশের করা ওই দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়। পুলিশের কাজে বাধা, ভাংচুর-অগ্নিসংযোগের মামলায় তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
অপরদিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ড শুনানির জন্য রোববার দিন রাখা হয়।
মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মূল হোতাদের চিহ্নিত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা এসআই মজিবুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা।
শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সবার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
