২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসিতে ‘স্বাধীনতা বিরোধীদের’ ষড়যন্ত্রের অভিযোগ

পঁয়ত্রিশতম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় পূরণ না হওয়া পদ পরের বিসিএসের মেধাতালিকা থেকে পূরণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 05:25 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের এই সংগঠনটির অভিযোগ, পিএসসির ভেতরে থাকা ‘স্বাধীনতা বিরোধীরা’ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ মুক্তিযোদ্ধা কোটার পরিবর্তে ‘সাধারণদের দিয়ে’ পূরণ করার ষড়যন্ত্র করছে।

ওই সিদ্ধান্ত বাতিলের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন মানবন্ধনের পর এক সমাবেশে পিএসসির চেয়ারম্যান ও জনপ্রশাসন সচিবের উদ্দেশ‌্য করে বলেন, “আপনারা কখনও গোখড়া সাপের লেজ দিয়ে, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না।”

তিনি অভিযোগ করেন, ‘রাজাকারদের’ সন্তানরা প্রশাসনে ‘ঘাপটি মেরে’ বসে আছে। তারা তাদের পছন্দের লোকদের ওইসব পদে নিয়োগ দিতে চায়।

“আপনারা মুক্তিযোদ্ধা সন্তানদের ভাইভা থেকে ইচ্ছাপূর্বক বাদ দিয়ে এই কোটা নিয়ে কূট-চালাকি করবেন না। সেটা বুমেরাং হয়ে আপনাদের উপর চলে আসতে পারে। কারণ পিএসসির কোনো কোনো চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কোটা নিয়ে চালাকি করতে গিয়ে অতীতে নিজের পদ হারিয়েছেন।”

সরকার পঁয়ত্রিশতম বিসিএসে মুক্তিযোদ্ধা, মহিলা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় পূরণ না হওয়া ৩৩৮টি পদ ৩৬তম বিসিএসের মেধাতালিকা থেকে পূরণের সিদ্ধান্ত নেয় গত ২০ ফেব্রুয়ারি।

এছাড়া ৩৬তম বিসিএসে প্রাধিকার কোটার ৭৩৭টি পদে পদ সংরক্ষণের বিধান শিথিল এবং ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পাননি) ৮০২টি নন-ক্যাডার পদে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

পিএসসি বলেছে- ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০টি শূন্য পদের মধ্যে কারিগরি ও পেশাগত ক্যাডারের জন্য ১ হাজার ৬৩৮টি পদ আছে। এসব পদের মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ৪৯১টি, ১০ শতাংশ মহিলা কোটায় ১৬৪টি, ৫ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ৮২টি পদ নিয়ে মোট ৭৩৭টি পদের বেশিরভাগই খালি থাকবে এবং তা সংরক্ষণ করতে হবে।

এর পরিপ্রেক্ষিতে ৩৬তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটার পদ সংরক্ষণ সংক্রান্ত সরকারের শর্ত শিথিল করলে ওইসব পদে নিয়োগ দেওয়া যাবে জানিয়ে এ বিষয়ে সরকারের অনুমোদন চায় পিএসসি।

এর প্রতিবাদে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর পক্ষ থেকে ১২ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে বলে সাজ্জাদ হোসেন জানান।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল বলেন, “মুক্তিযোদ্ধা কোটা নিয়ে পিএসসির চেয়ারম্যান টালবাহানা শুরু করেছেন, এই কোটা নিয়ে ছিনিমিনি খেলবেন না।”

সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব রুমন বলেন, “আজ কোটা শিথিলের কথা বলা হচ্ছে, আগামীতে তা বাতিলের কথা বলা হবে। কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানরা তা হতে দেবেন না।”

বিএনপি-জামায়াতের সময় নিয়োগ পাওয়া আমলারা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রুমনের।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে ‘মুক্তিযোদ্ধা সন্তানদের বিরুদ্ধে যাওয়ায়’ পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের পদত্যাগ দাবি করেন সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইমরান আহমেদ।

কোষাধ্যক্ষ আহমাদ রাসেলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রোহেল, হামীম আহমেদ চৌধুরী তুহিন, আনোয়ার হোসেন বাবু, মিজান রহমান, যুগ্ম সম্পাদক হারুন-আর রশিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যাল শাখা সভাপতি আবু তাহের।

পুরনো খবর:

বিসিএস: ৩৫ এর শূন্য পদে নিয়োগ ৩৬ থেকে