হিমাগার শ্রমিকদের বেশি ভার বহন কেন বেআইনি হবে না
শ্রম আইনের বিধান অনুসারে হিমাগারের প্রাপ্ত বয়স্ক পুরুষ শ্রমিকদের ৫০ কেজি ও নারী শ্রমিকদের ৩০ কেজির বেশি ওজন বহন কেন বেআিইনি হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
এক হিমাগার শ্রমিক নেতার করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাই কোর্ট বেঞ্চ এ রুল দেয়।
এছাড়াও শ্রম আইন ও বিধি অনুসরণের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে হাই কোর্ট।
এক সপ্তাহের মধ্যে শ্রম ও কর্মসংস্থান সচিব, প্রধান কারখানা পরিদর্শক, শ্রম বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনটি করেন রাজশাহীর পবা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সুহান খান ও জহিরুল ইসলাম।
পরে সুহান খান সাংবাদিকদের বলেন, শ্রম আইনের ৭৪ ধারা অনুযায়ী নির্ধারিত ওজনের বাইরে শ্রমিকদের দিয়ে ভার বহন করা যাবে না। আর বিধিতে আছে প্রাপ্ত বয়স্ক পুরুষ শ্রমিক ৫০ কেজি এবং নারী শ্রমিক ৩০ কেজি ওজনের বেশি ভার বহন করতে পারবে না।
কিন্তু কোল্ড স্টোরেজ গুলোতে ১১০ থেকে ১২০ কেজি ভার বহনে বাধ্য করা হয়। এ কারণে গত বছরের মার্চে রাজশাহীতে তৌহিদুল ইসলাম নামে একজন শ্রমিক মারা যান।
গত ৯ জানুয়ারি হিমাগারের ৫০ কেজি ওজনের আলুর বস্তা বহনে শ্রমিকদের বাধ্য করার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে শ্রমকিদের শরীর ও জীবনের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয়, শ্রম পরিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে আবেদন করে রাজশাহীর পবা উপজেলা লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন।
কিন্তু কোনো প্রতিকার না পেয়ে পরে হাই কোর্টে রিট আবেদন করা হয় বলে জানান আইনজীবী সুহান।
ব্যারিস্টার সুহান বলেন, আদালত রুল জারির পাশাপাশি গত ৯ জানুয়ারি শ্রমিক ইউনিয়নের করা আবেদনের বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা এক সপ্তাহের জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হককে নির্দেশ দিয়েছেন।
