২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃৎশিল্প টিকিয়ে রাখতে বাজার বড় করার পরামর্শ

প্রযুক্তি ও শিল্পায়নের যুগে বাংলার লোকজ ঐতিহ্য মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে এর বাজার আরও বিস্তৃত করার পরামর্শ দিলেন ইউনেস্কোর ঢাকা মিশন প্রধান বিয়েত্রেস কালদুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2017, 10:56 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

আর বাজার বাড়ানোর মাধ্যমেই মৃৎশিল্পীদেরও স্থায়ী উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি।

শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরে পোড়ামাটির মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী আসরে এসে মৃৎশিল্পীদের সম্পর্কে বিয়েত্রেস কালদুন বলেন, “বাংলার লোকজ ঐতিহ্যের ধারাটি তারা এতদিন ধরে বজায় রাখছেন। তাদের স্থায়ী উন্নয়নের জন্য এখন মৃৎশিল্পের বাজারটি আরও বিস্তৃত করা দরকার।”

সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “শিল্পীদের রক্ষা করতে হবে, নতুবা খুব দ্রুত এই শিল্প হারাতে বসবে।”

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের এই আয়োজনে এসেছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সচিব আকতারী মমতাজ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা।

ইউনেস্কোর সহায়তায় বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাহাড়পুর বৌদ্ধবিহার সংলগ্ন দুটি গ্রাম মিঠাপুর ও জামালপুরের ২৬ জন মৃৎশিল্পীকে নিয়ে একাধিক কর্মশালার আয়োজন করে।

চন্দ্রশেখর সাহা জানান, নয় মাসব্যাপী সেই কর্মশালা থেকে উঠে আসা ২০ জন কারুশিল্পীর পোড়ামাটির শিল্পকর্ম নিয়ে আয়োজিত হচ্ছে এই প্রদর্শনী।

তিনি বলেন, “এই প্রদর্শনী নগরজীবনে অভ্যস্ত মানুষকে নতুনভাবে ভাবতে আগ্রহী ও উৎসাহী করবে। পাশাপাশি তারা এসব সৃষ্টিকর্ম সংরক্ষণে প্রয়াসী হবে।”

গ্যালারিতে ঢুকতেই নজরে পড়বে হিন্দু দেবতা বিশ্বকর্মার এক বিশাল প্রতিমা। একটু সামনে গেলে দেখা যাবে পরম মমতায় নিজের কোলে সন্তানকে আগলে রেখেছেন স্নেহময়ী এক মা। দূরে দেখা মেলে চার পাখির আরেকটি শিল্পকর্ম।

এমন বহুবিধ বিষয়ের চোখজুড়ানো মৃৎশিল্প ছড়িয়ে দেওয়া হয়েছে বিশাল গ্যালারিজুড়ে। রয়েছে টেপা পুতুল থেকে শুরু করে মাটির তৈরি হাতি, ঘোড়া, নৌকা, ফুলদানি, প্রদীপ, মাছ, হাড়ি, কলস, সরাসহ নিত্যপ্রযোজনীয় ও গৃহসজ্জার নির্মিত অজস্র নান্দনিক মৃৎশিল্প।

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শনীটি চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ।

গানে গানে বাংলাদেশ-নেপালের বন্ধুত্বের উদযাপন

বাংলাদেশের সঙ্গে নেপালের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের স্মারক হিসেবে শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল এক সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

দুই দেশের নন্দিত কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত আসরটি অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে।

এ আয়োজনে গান শোনান ফোকশিল্পী মমতাজ। আর নেপালের শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন শিশির ইয়োগী ও রীতা কেসি। সঙ্গীতের এ আয়োজনে বাংলা ও নেপালি ভাষার নানা স্বাদের গানের সঙ্গে নেপালি নৃত্য পরিবেশন করেন সেদেশের একঝাঁক শিল্পী।

বাংলাদেশ-নেপাল সাংস্কৃতিক সন্ধ্যা নামের এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি। সহযোগিতা করেছে ঢাকাস্থ নেপাল দূতাবাস।

সঙ্গীতসন্ধ্যাটির দর্শনী থেকে প্রাপ্ত অর্থ ফিরোজা বারি প্রতিবন্ধী শিশু হাসপাতালের তহবিলে দেওয়া হবে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।