২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে ভেঙে ফেলা হচ্ছে ঐতিহ্য স্থাপনা

রাজধানীর লালবাগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঐতিহ্যের তালিকায় থাকা একটি পুরোনো ভবন ভেঙে ফেলা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 01:56 AM

Updated : 11 Oct 2022, 01:27 PM

সোমবার সরেজমিনে দেখা যায়, লালবাগের শায়েস্তা খান রোডের এই পুরোনো দোতলা বাড়ির একপাশের অংশ এরইমধ‌্যে ভেঙে ফেলা হয়েছে।

ভবনটি ভাঙার প্রতিবাদে মঙ্গলবার বিকালে সেখানে মানববন্ধন করেছে নগর ঐত্যিহ্য নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপ।

প্রায় সাড়ে ৫ কাঠা জমির ওপর গড়ে তোলা এ ভবনটি প্রায় সোয়াশো বছরের পুরোনো বলে জানায় সংস্থাটি।

মানববন্ধনে আরবান স্টাডি গ্রুপের নির্বাহী পরিচালক তৈমুর ইসলাম বলেন, আইন থাকার পরও এ ধরনের স্থাপনা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

“এসব ভবন ভাঙার সময় রাজউকের বাধা দেওয়ার কথা। কিন্তু অনেক সময় রাজউকই এসব ভবন ভাঙার অনুমতি দিচ্ছে। ভাঙার সময় রাজউকের কর্মকর্তাদের অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

এ অবস্থা চলতে থাকলে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা ও পুরাকীর্তিগুলো ধ্বংস হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

অবিলম্বে ভবন ভাঙা বন্ধ করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান তৈমুর ইসলাম।

“মালিকদের ক্ষতিপূরণ দিয়ে এসব ভবন রক্ষায় রাজউককে এগিয়ে আসতে হবে। তাহলে এসব ভবন ভাঙার প্রবণতা কমবে।”

উত্তরাধিকার সূত্রে ভবনটিতে পাঁচটি পরিবার বসবাস করছে।

বাড়ির মালিকদের একজন রুবেল ইসলাম বলেন, এ ভবন অনেক পুরোনো হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না করায় এটি দিনদিন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ভেঙে পড়ার আশঙ্কায় এটি ভেঙে ফেলা হচ্ছে।

ভবনটি সংস্কার করার উপযুক্ত নয় বলেও দাবি করেন তিনি।

“ভিতরে একবারে ভাঙা, ফাটা ফাটা। রাতে যখন রাস্তা দিয়া গাড়ি যায় তখন বিল্ডিং থরথর কইরা কাঁপে। হঠাৎ কইরা যদি পইড়া যায় তাইলে আমরা মরমু, আমাগো জিনিসপত্রও শেষ হইয়া যাইব। আমাগো জীবন বাঁচানো ফরজ। তাই ভাঙতাছি,” বলেন তিনি।

ভবন ভাঙার আগে কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল কি না- প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে যান তিনি।