৯ দেশের কর্মপন্থা, ২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা
২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিতে দেশ-নির্দিষ্ট ‘কর্মপন্থা’ ঠিক করেছে বাংলাদেশসহ উন্নয়নশীল নয়টি দেশ; যে দেশগুলোতে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের বাস।
ঢাকার র্যাডিসন হোটেলে তিন দিনের ই-নাইন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে অংশগ্রহণকারী দেশগুলো হল চীন, ভারত, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।
বৈঠকের দ্বিতীয় দিন সোমবার দুপুরে র্যাডিসনে ঢাকা ঘোষণার গ্রহণের পর সংবাদ সম্মেলনে আসেন এবারের সভার সভাপতি বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, “২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা ও শিক্ষার মান উন্নত করার লক্ষ্য ঠিক করতে আমরা এক জায়গায় মিলিত হয়েছি। এতে ৯টি দেশের একইরকম সমস্যা চিহ্নিতকরণ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মপন্থা ঠিক করা হয়েছে ঘোষণাপত্রে।”
ঘোষণায় উল্লেখ করা হয়, এসব দেশে পৃথিবীর অর্ধেকের বেশি জনসংখ্যা, অর্ধেকের বেশি স্কুলের বাইরের শিশু এবং দুই-তৃতীয়াংশের বেশি নিরক্ষর যুবক ও বয়স্ক মানুষের বসবাস।
অর্ধেকের বেশি মানুষ বসবাস করার কথা উল্লেখ করে নাহিদ বলেন, “এই দেশগুলোর সবাইকে সাক্ষরতার মধ্যে নিয়ে আসার মানে হচ্ছে আমরা সারা পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের শিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করলাম।”
বৈঠকে সর্বসম্মতিক্রমে ঢাকা ঘোষণা গৃহীত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “কর্মপন্থা আমরা নিয়েছি এবং সবগুলো দেশকে একসঙ্গে নিয়ে সেটা সফল করার চেষ্টা করা হবে।”
ঢাকা ঘোষণায় এসডিজি-৪ অর্জনে আন্তঃদেশীয় শিক্ষা সফর, পারস্পরিক সংযোগের ফলে অর্জিত সাফল্য নিয়ে গবেষণা, দেশগুলোর শিক্ষার অংশীজনের (স্টেইকহোল্ডরদের) মধ্যে তথ্যের আদান-প্রদান এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি বিশেষজ্ঞ পর্যায়ের এমন বৈঠকের বিষয়েও মতৈক্যে পৌঁছেছে ৯টি দেশ।
বাংলাদেশ প্রথমবারের মতো ই-নাইনের চেয়ারপার্সন মনোনীত হল। আগামী দুই বছর বাংলাদেশের শিক্ষামন্ত্রী এর চেয়ারপার্সনের দায়িত্বে থাকবেন।
সংবাদ সম্মেলনে ইউনস্কোর সহকারী মহাপরিচালক চিয়ান থাং বলেন, “শিক্ষার লক্ষ্য অর্জনে বৈঠকে অংশ নেওয়া দেশগুলো কেন পৌছাতে পারছে না এবং কীভাবে পৌঁছানো যাবে সেটার নির্দিষ্টকরণের জন্য আমরা এক জায়গায় এসেছি। নিজেদের মতামত বিনিময়ের মাধ্যমে সবাই একসঙ্গে এগিয়ে যাওয়ার কর্মপন্থা এখানে নেওয়া হয়েছে।”
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, শিক্ষাসচিব সোহরাব হোসাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
