ঢাবিতে দৃষ্টি প্রতিবন্ধীদের রাস্তা পারের মহড়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের মহড়া হয়েছে।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের রাস্তায় এ মহড়া হয়।
মহড়ার উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন নিরাপদে রাস্তা পারাপার হতে পারে, সেজন্যই আজকের এ উদ্যোগ। তাদের যে সাদাছড়িটি দেওয়া হয়েছে সেটির আনুষ্ঠানিক মহড়া।”
দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ চলাচলের জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
মহড়ায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসলিমা সুলতানা মিতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জন্মের পর হাম আর এ্যালার্জির কারণে আস্তে আস্তে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি।
সচেতনতার ঘাটতি নিয়ে তিনি বলেন, “আমাদের এই সাদা ছড়িটি অন করলে তা এক ধরনের সিগন্যাল দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ তা বোঝেই না বা বোঝার চেষ্টা করে না।”
এই ছড়ি ব্যবহারের সুবিধা নিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রুবেল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে গর্ত বা যানবাহন থাকলে এই ‘স্মার্ট হোয়াইট ক্যান’ তা এড়িয়ে চলতে সহায়তা করে। রাস্তা পার হওয়ার সময় এর লাইটটি অন করলে চালকরা বুঝতে পারবেন যে, আমরা দৃষ্টি প্রতিবন্ধী এবং তারা আমাদের রাস্তা পরাপারে সহযোগিতা করবেন।”
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের রিসোর্স সেন্টার ও সেভার সইটের যৌথ উদ্যোগে ৪৯ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে এ ‘স্মার্ট হোয়াইট ক্যান' দেওয়া হয়েছে বলে জানান তিনি।
