পুটিয়ায় মহাসড়কের নকশা পুনর্বিবেচনার দাবিতে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
চট্টগ্রামের পুটিয়ার ইন্দ্রপুর মহাসড়কের নকশা পুনর্বিবেচনার দাবি জানাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে ৬ সদস্যের এ প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে প্রায় ১ ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
বৈঠকে অংশ নিয়েছেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামাল লোহানী, কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবীর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা ও আইনজীবী সুব্রত চৌধুরী।
এসময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক দিপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম ও মুহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের পুটিয়ার একটি রাস্তা প্রস্তাবিত নকশা অনুযায়ী করলে মন্দির, শ্মশান ও অসংখ্য হিন্দুবাড়ি ভাঙা পড়বে। সে কারণে রাস্তাটি বিকল্প কোনো উপায়ে করা যায় কিনা, সে প্রস্তাব দিতেই আমরা এসেছিলাম।
এ প্রসঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুটিয়া বাইপাসের সড়কটি আঁকাবাঁকা। পুটিয়া থেকে ইন্দ্রপুর হয়ে চট্টশালা পর্যন্ত মহাসড়কের প্রকল্প বাস্তবায়ন করলে ৪০টি হিন্দুবাড়ি, একটি মন্দির, একটি শ্মশান এর উপর দিয়ে যায়।
তিনি বলেন, এ কারণে এ প্রকল্পের নকশা পুনর্বিবেচনা করতে মন্ত্রীকে বলেছি। তিনি ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। তিনি জায়গাটি পরিদর্শনে যাবেন বলে আমাদের জানিয়েছেন। পাশাপাশি কোনো মানুষের যাতে ক্ষতি না হয়, তা তিনি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে বৈঠকে উপস্থিত থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান দেশ পরিচালনায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। আমাদের সরকারের সিদ্ধান্তগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয়, এর জন্য তারা আমাদের কাছে দাবি জানিয়েছেন।
তিনি বলেন, তারা রাস্তার নকশা পুনর্বিবেচনা প্রস্তাব নিয়ে এসেছিলেন। এটি আমাদের দলীয় কিছু না, মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করেছেন তারা। মন্ত্রী আগামী ১১ ফেব্রুয়ারি সরেজমিনে রাস্তাটি পরিদর্শনে যাবেন।
