নাটকে অনুদানে কঠোর হয়েও কাজ হচ্ছে না: সংস্কৃতিমন্ত্রী
নাটকে অনুদানে সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতিমালা কঠোর করার পরও ঠিকমতো ফল আসছে না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
তিনি বলেছেন, অনুদান নিয়েও অনেক নাট্যদল নতুন নাটক মঞ্চে আনছে না, এমনকি পুরনো নাটকও করছে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ফেইম স্কুল অফ মিউজিক-ড্যান্স-ড্রামা’র দুদিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, “অনুদান প্রদানের ক্ষেত্রে আমরা যে কোনো নাট্যদলের গত বছরের কার্যক্রম, সে সবের ছবি, সামনের পরিকল্পনা-এসব চেয়ে থাকি। এমন কঠোর হওয়ার পরও দেখা যাচ্ছে অনেকে টাকা নিয়ে কোনো নতুন নাটক আনছে না মঞ্চে। এমনকি পুরনো নাটকগুলোও নিয়মিতভাবে মঞ্চে আনছে না তারা।
“আচ্ছা, শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে কি শিল্পের চর্চা করা যায়?”
এক্ষেত্রে সংস্কৃতিকর্মীদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন মন্ত্রী।
ঢাকার নাট্যোৎসবগুলোতে ‘সম্পর্কের খাতিরে’ একই নাটক বারবার মঞ্চস্থ হওয়ায় বিরক্তি প্রকাশ করেন তিনি।
ঢাকার নাট্যমঞ্চে দর্শক কমে যাওয়ার কারণ খোঁজার তাগাদা দিয়ে নাট্যকর্মী আসাদুজ্জামান নূর বলেন, “চলচ্চিত্র, টিভি নাটক না সিনেমা- কোন কারণে দর্শক ক্রমেই মঞ্চবিমুখ হচ্ছে তা নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা কি নাটকের ফর্ম চেঞ্জ করব, উপাদান বদলে ফেলব নাকি ‘ভ্যালু অ্যাড’ করব- তা নিয়ে আমাদের প্রফেশনালি চিন্তা করা উচিত।
“শুধু অন্যদের সমালোচনা না করে নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে। অতীতের কথা, নাট্যচর্চার স্বর্ণযুগের কথা-এসব আলোচনা না করে কী কারণে দর্শক কমছে, কী করা দরকার– এসব নিয়ে আলোচনা করা উচিত।”
জাতীয় নাট্যোৎসব শুরুর আগে এ বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য জ্যেষ্ঠ নাট্যকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
রাজধানীর উত্তরা, মিরপুরে নতুন নাট্যমঞ্চ নির্মাণের জন্য জমি কেনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আসাদুজ্জামান নূর বলেন, সূত্রাপুরে জহির রায়হান মিলনায়তন ও বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটক মঞ্চায়নের জন্য সরকার থেকে ভর্তুকি দেওয়া অব্যাহত থাকবে।
এছাড়া ২৫০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট পুনর্নির্মাণ করে ৭৫০ ও ৩৫০ আসনের দুটি মিলনায়তন করা হবে। এ বছরের মাঝামাঝিতে কার্যক্রম শুরু হতে পারে।
চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিক- এর ১৯ বছরের পথচলায় বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে ফেইম নাট্যকলা বিভাগের তিনটি নতুন প্রযোজনা মঞ্চস্থ হচ্ছে এবারের উৎসবে।
এ দিন সন্ধ্যায় অসীম দাশের নির্দেশনায় আলবেয়ার কামুর নাটক ‘ক্যালিগুলা’ মঞ্চস্থ হয়। নাটকটি অনুবাদ করেছেন সব্যসাচী দেব।
শুক্রবার বিকাল ৪টায় মঞ্চস্থ হবে ফ্রানৎস কাফকার ‘মেটামরফোসিস’ অবলম্বনে বুদ্ধদেব ভট্টাচার্যের ‘পোকা’ এবং শক্তি সেনগুপ্তের ‘বিকার’ নাট্যকল্পের আশ্রয়ে অসীম দাশের নির্দেশনায় নাটক ‘অমৃতের সন্ধানে’।
সন্ধ্যা ৭টায় কার্লো গোলদোনির ‘দ্য সারভেন্ট অব টু মাস্টার্স’ অবলম্বনে অসীম দাশের অনুবাদ ও নির্দেশনায় নাটক ‘নওকর শয়তান মালিক হয়রান’।
