'ফেইসবুকে লেখালেখি' নিয়ে কামরাঙ্গীর চরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত
'ফেইসবুকে লেখালেখিকে' কেন্দ্র করে রাজধানীর কামরাঙ্গীর চরে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রকে মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে।
আহত মো. পারভেজ হোসেন (১৫) কামরাঙ্গী চর এলাকার কামাল হোসেনের ছেলে। স্থানীয় আলোড়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৭ সালের এসএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে তার।
শুক্রবার সকালে স্কুলের বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কামরাঙ্গীর চরের কাঠপট্টি এলাকার জনি মার্কেটের সামনে এই হামলায় আহত পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনি মার্কেটের কাছে কয়েকজন তরুণ পারভেজকে মারধর করে ছুরি মেরে পালিয়ে যায়।
“ধারণা করা হচ্ছে, কোনো বিষয় নিয়ে বিরোধের জের ধরে সহপাঠীরাই এ ঘটনা ঘটিয়েছে।”
ফেইসবুকে লেখালেখিকে কেন্দ্র করে কয়েকদিন আগে স্থানীয় কিছু বখাটেদের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে পারভেজের ওপর এই হামলা হয়েছে বলে দাবি করেন আহত ছাত্রের বাবা বাবা কামাল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেইসবুকে লেখালেখিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগে স্থানীয় কিছু বখাটেদের সঙ্গে পারভেজের কথা-কাটাকাটি হয়েছিল। পরে স্থানীয় মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন।
শুক্রবার সকালে আলোড়ন স্কুল অ্যান্ড কলেজের বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে কাঠপট্টি এলাকার জনি মার্কেটের সামনে বেশ কয়েকজন বখাটে পারভেজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এদিকে এ ঘটনায় থানায় সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান কামরাঙ্গীরচর থানার এসআই শেখ তারিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"
