২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আন্তর্জাতিক সম্প্রদায়: মাহমুদ আলী

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান শুরুর পর সীমান্তে শরণার্থীদের চাপ বাড়ার ইস্যুতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের পক্ষে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 11:50 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সম্পূর্ণ জিনিষটা অত্যন্ত একটা সংবেদনশীল পর্যায়ে রয়েছে। তবে পাশাপাশি যেটা বলতে পারি, আপনারা দেখেছেন পৃথিবীর প্রায় সব দেশে আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, অন্যান্য মানবাধিকার সংস্থা আমাদের পক্ষে আছে।”

বাংলাদেশের ওপর চেপে বসা এই শরণার্থী সমস্যা সমাধানে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির ‌‘কথাবার্তায় আশাব্যঞ্জক উপাদান’ দেখছেন মাহমুদ আলী।

দেশটির স্টেট কাউন্সিল সু চির সঙ্গে কয়েকটি আন্তর্জাতিক ফোরামে কথা হয়েছে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংসদকে বলেন, “আমি লাওসে এশিয়ান রিজিওনাল ফোরামে গিয়েছিলাম, সেখানে ম্যাডাম সু চির সাথে কথা বলেছি। এর আগে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে ফরেন সেক্রেটারিকে পাঠিয়েছিলাম।

“তিনি (সু চি) যেসব কথাবার্তা বলছেন অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি চেষ্টা করছেন, তার নিজেরও দেশে সরকারের মধ্যে অনেক সমস্যা আছে।”

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলা ঘটনার পর রাখাইন রাজ‌্যে দেশটির সেনা বাহিনীর অভিযানের মুখে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছে। সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের মধ‌্যেও ফাঁক-ফোকর গলে অনেক রোহিঙ্গাই ঢুকে পড়েছেন বাংলাদেশে।

আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কিভাবে হত‌্যা-নির্যাতন-ধর্ষণ চলছে সেই বিবরণও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সেনাবাহিনীর অভিযানে রাখাইন প্রদেশে ১২০০ এর বেশি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।

এ সহিংসতায় ৮৬ জনের মৃত‌্যুর খবর মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করলেও নিহতদের মধ‌্যে ৬৯ জনকে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী বলে দাবি করেছে তারা। মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিহতের সংখ‌্যা আরও অনেক বেশি।

তিন দশক ধরে ৫ লাখের বেশি রোহিঙ্গার ভার বহনকারী বাংলাদেশ সরকার নতুন করে শরণার্থী নিতে নারাজ। বারবার আহ্বান সত্ত্বেও আগের শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার কোনো উদ‌্যোগও নিচ্ছে না মিয়ানমার সরকার।

মিয়ানমারের অভ‌্যন্তরীণ সঙ্কট থেকে উদ্ভূত এই শরণার্থী সমস‌্যা সমাধানে মিয়ানমার সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। 

সংসদে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ এইচ মাহমুদ আলী আরও বলেন, “আশিয়ান যে সংস্থা, মিয়ানমার যার অন্যতম সদস্য রাষ্ট্র- সেখানকার কয়েকটি দেশ, তারাও এই ব্যপারটার সুরাহার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।

“এখন আমাদের যে কর্তব্য, সেটা… বিভিন্ন লেভেলে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। মানবিক কারণে যেটা করা দরকার সেটা করছি। যারা চলে আসছে তাদের খাদ্য, চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।”

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, “আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে। আশা করা যায়, এই সম্মেলন সমস্যার সমাধানে সাহায্য করবে।”

শান্তিরক্ষা মিশনে ভাড়া থেকে আয় ৪৩৭ কোটি টাকা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অস্ত্র ও সরঞ্জাম ভাড়া থেকে বাংলাদেশ বছরে গড়ে ৪৩৭ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ২৬৪ টাকা আয় করেছে।

সরকারি দলের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, গত ২০০১ সাল সাল থেকে ২০১৬ এর অগাস্ট পর্যন্ত মিশনে অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ভাড়া থেকে বাংলাদেশ মোট ছয় হাজার ৮৫৬ কোটি আট লাখ ৭৬ হাজার ৭৮৬ টাকা আয় করেছে। এর মধ্যে ২০০১ সালে আয় ছিল ১৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা। গত বছর ২০১৫ সালে আয় হয়েছে ৬৪৪ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৩৮৮ টাকা। এ বছর প্রথম ৮ মাসে আয় হয়েছে ৫৬৬ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার ৯০৩ টাকা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ভারতীয় ভিসা সহজীকরণ সংক্রান্ত আবদুস শহীদের সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আগের তুলনায় উন্নত ও সহজতর হয়েছে। তবে এটি আরও সহজ করার জন্য ভারতের সাথে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে ভিসাপ্রাপ্তির বিষয়টি আরো সহজ হবে বলে তারা আমাদের আশ্বস্ত করেছে।”

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিদেশে অধিকাংশ দেশে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব কোনো ভবন নেই। তবে চীনের বেইজিং, বেলজিয়ামের ব্রাসেলস, ভারতের দিল্লী ও কোলকাতা, যুক্তরাজ্যের লন্ডন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউ ইয়র্ক, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া ও জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন রয়েছে।”

নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চোরাকারবারের সঙ্গে জড়িত বাংলাদেশের গডফাদারদের চিহ্নিত করার প্রক্রিয়া চলমান আছে। এ ছাড়া এখন পর্যন্ত আটক হওয়া চোরাকারবারী ও গডফাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে। জলপথের চোরাকারবারি ও গডফাদারদের চিহ্নিত করতে কোস্টগার্ডের জন্য পৃথক গোয়েন্দা সংস্থার প্রস্তাব প্রক্রিয়াধীন আছে।

নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়ে বিদেশের বিভিন্ন কারাগারে ৯ হাজার ৯৬৭ জন বাংলাদেশি আটক আছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৬৯৭ জন ভারতে এবং মালয়েশিয়ায় ২ হাজার ৪৬৯ জন আটক আছে।

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, “দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের অপব্যবহার রোধকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। মার্চ ২০১৬ পর্যন্ত সারা দেশে ৩২ হাজার ৩১টি স্কুল ও কলেজের মধ্যে ২১ হাজার ৮৩টি কমিটি গঠন করা হয়েছে।”

জেবুন্নেছা আফরোজের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীর মঞ্জুরিকৃত জনবল ১ লাখ ৯৪ হাজার ২৮৩। বর্তমানে নারী পুলিশের হার ৬ দশমিক ৮৫ শতাংশ।

সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, দেশে মাদকাসক্তদের সঠিক সংখ্যা নির্ণয়ের বিষয়ে এখনো পর্যন্ত কোনো জরিপ কার্য সম্পন্ন হয়নি। এ বিষয়ে পরিসংখ্যান ব্যুরোর সাথে আলোচনা চলছে।

নারী মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহে চিকিৎসার জন্য আগত রোগীদের মধ্যে নারী মাদকাসক্ত রোগীর সংখ্যা তুলনামুলক বৃদ্ধি পেয়েছে।”

ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “জাতির পিতার খুনিদের অবস্থান চিহ্নিত করা ও তাদের দেশে ফিরিয়ে আনতে গঠিত টাস্কফোর্স কাজ চালিয়ে যাচ্ছে। ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আর্ন্তজাতিক বিমান বন্দরে সাজাপ্রাপ্ত খুনিদের ছবি সম্বলিত তথ্য প্রেরণপূর্বক তাদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিদারুল আলমের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, পরিসংখ্যান ব্যুরো ২০১৬ সালের হিসেব অনুযায়ী বাংলাদেশে ক্ষুদ্র পেশাজীবী জনসংখ্যার সংখ্যা ৫৬ লাখ ৬১ হাজার ৫৭৮ জন।