২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভীকে এমআরপি দিতে হাই কোর্টের নির্দেশ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সাত দিনের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 01:30 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

সাড়ে ছয় মাস আগে জারি করা এক রুল মঞ্জুর করে মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

রায়ের পর রিজভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বিষয়টি জানান।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

এক রিট আবেদন শুনে ৭ জুন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ রিজভীকে এমআরপি দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলে।

ওই দিন রিজভীর আরেক আইনজীবী জহিরুল ইসলাম সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ১০ ডিসেম্বর পুরাতন পাসপোর্ট জমা দিয়ে এমআরপির জন্য আবেদন করেন বিএনপি নেতা রিজভী।

৩১ ডিসেম্বর এমআরপি দেওয়ার কথা থাকলেও তা না পেয়ে আইনি নোটিশ পাঠান রিজভী। তাতে প্রতিকার না পেয়ে তিনি ২৯ মে হাই কোর্টে এই রিট আবেদন করলে রুল জারি হয়।

ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার আদেশ দেয় আদালত। আদালতের রায় হাতে পাওয়ার সাত দিনের মধ্যে রিজভীকে এমআরপি দেওয়ার জন্য পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

পুরনো খবর:

রিজভীকে এমআরপি কেন নয়: হাই কোর্ট