২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সাফল‌্যের খবর নেই গণমাধ‌্যমে: ডেপুটি স্পিকার

গণমাধ‌্যমকে সরকার চাপে রেখেছে বলে বিএনপির অভিযোগের বিপরীতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, সরকারের সাফল‌্যের খবরই সংবাদ মাধ‌্যমে আসছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 10:13 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

বাংলাদেশের গণমাধ্যম নেতিবাচক খবর প্রচারে বেশি আগ্রহী দাবি করে সোমবার এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ফজলে রাব্বী বলেন, “সরকারের অনেক সফলতার খবর প্রচার করা হয় না। সরকার যতটুকু এগিয়েছে মিডিয়ায় তার প্রতিচ্ছবি নেই।”

সাফল‌্যের খবর প্রচার না হলে তা সরকারকে নিরুৎসাহিত করে বলেও মন্তব‌্য করেন তিনি।

সোমবার সংসদ ভবনে ‘প্যারিস থেকে মারাকাসে বিশ্ব জলবায়ু সম্মেলন : আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনায় বক্তব‌্য রাখেন ডেপুটি স্পিকার।

সার্ক এনভায়রনমেন্ট জার্নালিস্ট ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে সংসদ সদস‌্য ফখরুল ইমাম, সাংবাদিক শাহ আলমগীর, আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনও বক্তব‌্য রাখেন।

অনুষ্ঠানের মূল প্রবন্ধে নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ (এনসিসিবি) ট্রাস্টের সমন্বয়ক মিজানুর রহমান বিজয় বলেন, গত ৭ থেকে ১৮ নভেম্বর মরক্কোয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের মূল উদ্দেশ‌্য ছিল প্যারিসের আগের বারের সম্মেলনের ফাঁক-ফোকরগুলো মেরামত করা।

তবে প‌্যারিস সম্মেলনে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ১০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের যে সিদ্ধান্ত হয়েছিল, তাতে অর্থ জোগানোয় অগ্রগতি আসেনি বলে জানান তিনি।

“এবারের সম্মেলনে মাত্র ১৬৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। ফলে তহবিল গঠন নিয়ে একটি অনিশ্চয়তা রয়ে গেছে।”

আওয়ামী লীগের পরিবেশ সম্পাদক দেলোয়ার বলেন, জাতিসংঘের হিসাবে পৃথিবীর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি পেলে বাংলাদেশের দেড় থেকে দুই কোটি মানুষ উদ্বাস্তু হয়ে যাবে।

তাই সম্ভাব্য আক্রান্ত এলাকার সাধারণ মানুষকে সচেতন করে এই দুই কোটি জলবায়ু উদ্বাস্তু মানুষকে উন্নত বিশ্বে বসবাসের সুযোগ দেওয়ার দাবি তোলার আহবান জানান তিনি।

জলবায়ু পরিবর্তন নিজের এলাকা উত্তরাঞ্চলে মানুষের জীবন-জীবিকার উপর কেমন প্রভাব ফেলছে, তা তুলে ধরেন ডেপুটি স্পিকার।

জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন‌্য সরকার কাজ করলেও তাতে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

“জলবায়ু তহবিল থেকে কিছু টাকা পয়সা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সেখানেও যেখানে বরাদ্দ দেওয়া দরকার সেখানে না গিয়ে অন্য খানে যায়। এ তহবিল বরাদ্দে স্বচ্ছতার কথা বলা হয়েছে, তাতে অবশ্যই স্বচ্ছতা থাকা উচিৎ।”