পূর্বাচলের গাছ বিক্রির মামলার বাধা কাটল
পূর্বাচলে সরকারি জায়গার গাছ ব্যক্তি মালিকানায় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ভূমি অফিসের সার্ভেয়ার ও কানুনগোসহ আটজনের বিরুদ্ধে মামলার কার্যক্রমের উপর হাই কোর্টের স্থগিতাদেশ তুলে দিয়েছে আপিল বিভাগ।
মামলাকারী দুর্নীতি দমন কমিশনের আবেদনে রোববার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন মইনুল হোসেন।
খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, এ আদেশের ফলে ওই আটজনের বিরুদ্ধে মামলা চলতে আইনগত বাধা নেই।
তিনি জানান, এখন আসামিরা চাইলে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে পারেন বলে আদালত মতামত দিয়েছে।
সুপ্রিম কোর্টের নথিতে দেখা যায়, চলতি বছরের ২৯ আগস্ট দুদকের সহকারী পরিচালক আব্দুস সালাম আলী মোল্লা মোট ১২ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলাটি করে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশে অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য পরস্পরের সহযোগিতায় রাজউকের পূর্বাচল প্রকল্পের কামতা মৌজায় বাস্তবের বেশি গাছ দেখিয়ে এবং খাস জায়গার গাছ ব্যক্তিমালিকানায় দেখিয়ে ৩ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৮৯৭ টাকা আত্মসাৎ করেন।
দুদকের মামলার পর ১২ আসামির মধ্যে আটজন হাই কোর্টে একটি আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে ২১ সেপ্টেম্বর হাই কোর্ট মামলার উপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করে। পরে দুদক সে আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করে।
আট আসামি হলেন- শেরপুর সদরের কানুনগো আবু তাহের, রূপগঞ্জের কানুনগো আব্দুল হালিম ভূইয়া, রাজউকের এস্টেট ইন্সপেক্টর মো. জাকের হোসেন, কিশোরগঞ্জের এএলএও মো. মইনুল হক, রাজউকের সহকারী পরিচালক মিজানুর রহমান, টঙ্গীর জনৈক আলী আমজাত খান, আব্দুস সালাম খান ও আলী আফজাল খান দুলু।
