রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
বৃহস্পতিবার তিনি বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “সাক্ষাতের সময় সেনাপ্রধান রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।”
সেনাপ্রধান বেলাল সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদকে আগামী ২৪ নভেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে অনুষ্ঠেয় সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের পুনর্মিলনীতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি সেনাবাহিনীর সার্বিক কার্যক্রমে সেনাপ্রধানের কাছে সন্তোষ প্রকাশ করেন।
তিনি যথাসময়ে সেনাবাহিনীর উন্নয়ন কার্যক্রম শেষ করারও নির্দেশনা দেন বলে জানান জয়নাল আবেদীন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
