চেক প্রতারণা: ইউনাইটেড চেয়ারম্যানের বিচার শুরু
চেক প্রতারণার এক মামলায় ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসবিরুল ইসলাম চৌধুরীসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক নাজিয়া নাহিদ রোববার আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠন করে তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন। আগামী ২৯ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
গত বছরের ৮ অক্টোবর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দুই কোটি ১৬ লাখ ৮১ হাজার ৩০৪ টাকার এই চেক প্রতারণা মামলা করে।
বাদীপক্ষের আইনজীবী জয়ন্ত কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে গত বছরের ১২ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একজন বিচারক আসামিদের গেপ্তারে পরোয়ানা জারি করলে তারা ওই আদালতে থেকে জামিন নেন। পরে এ মামলায় আর আদালতে আসেননি।
নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় বেবিচকের পক্ষে মামলাটি করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হিসাব শাখার সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।
মামলায় বলা হয়, বিমান উড্ডয়ন-অবতরণ ও আনুষঙ্গিক বিষয়ে ভাড়া বাবদ শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড এয়ারওয়েজের কাছে মোট ৯০ কোটি ৮১ হাজার ১০৭ টাকা পাবে। আসামিরা আংশিক টাকা পরিশোধের জন্য ২০১৫ সালের ১৫ জুলাই ও ১৬ আগস্ট দুই কোটি ১৬ লাখ ৮১ হাজার ৩০৪ টাকার দুটি চেক দেন। চেক দুটি ছিল ইসলামী ব্যাংক উত্তরা শাখার।
“চেক দুটি ভাঙাতে সোনালী ব্যাংকের কুর্মিটোলা শাখায় জমা দেওয়া হলে আসামিদের হিসাবে টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।”
বিষয়টি আসামিদের জানানোর পর তারা টাকা পরিশোধের উদ্যোগ না নেওয়ায় গত বছরের ৩০ অগাস্ট আইনি নোটিশ পাঠানো হয়।
