সোনারগাঁও রিসোর্ট সিটির কার্যক্রম ফের স্থগিত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় ২ হাজার ৩৫০ বিঘা কৃষিজমি, জলাভূমি ও নিচু জমিতে মাটি ভরাট করে ভূমি উন্নয়নে যাওয়া সোনারগাঁও রিসোর্ট সিটির কার্যক্রম পরিচালনার অনুমতি স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে ২০১৪ সালের ২ মে হাই কোর্টের তৎকালীন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রুল দিয়ে সোনারগাঁও উপজেলায় এই রিসোর্ট সিটি নির্মাণে নিষেধাজ্ঞা দেয়।
অনুনোমোদিতভাবে তথাকথিত সোনারগাঁ রিসোর্ট সিটির জন্য ইউনিক প্রোপার্টি ডেভেলপমেন্টের মাটি ভরাট বন্ধ করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, জেনপুর, ছয়হিস্যা, চরভাবানাথপুর, ভাটিবান্ধা ও রতনপুর মৌজার কৃষি জমি, জলাভূমি, নিচু ভূমি রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
পাশাপাশি ইউনিক প্রোপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালককে কেন গ্রামবাসীর জন্য ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না- তাও জানাতে বলা হয়।
রুল বিচারাধীন থাকা অবস্থায় সংশ্লিষ্ট এলাকায় মাটি ভরাট বন্ধে নিষেধাজ্ঞা দেয় আদালত। এই আদেশ বাস্তবায়ন নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত সচিব ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের যুগ্ম-পরিচালককে দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া মেঘনা নদীর চরভবানাথপুর ও ভাটিবান্ধার অংশ বিশেষসহ কৃষি জমি, জলাভূমি ও নিচু জমিতে ভরাট করা মাটি ও বালি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় আদালত, যাতে সংশ্লিষ্ট জমি তাদের মূল অবস্থায় ফিরে যায়। ওয়েসবাইট থেকে সোনারগাঁও রিসোর্ট সিটির সব বিজ্ঞাপনও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এই সব নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয় সেই আদেশে।
গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি ওই এলাকায় ফের মাটি ভরাট শুরু করেছে দাবি করে গত ২০ অক্টোবর আদালত অবমাননার অভিযোগ নোটিস দেয় বেলা। ২৫ অক্টোবর প্রতিষ্ঠানটি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. সেমিলের বেঞ্চে একটি আবেদন করে। এই আবেদনের শুনানি করে আদালত আগের নির্দেশনা সংশোধন করে প্রতিষ্ঠানটিকে কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়।
এরপর হাই কোর্টের ওই সংশোধিত আদেশ স্থগিতের জন্য আপিল বিভাগে যায় বেলা। তাদের আবেদন শুনে বৃহস্পতিবার আপিল বিভাগ ৬ সপ্তাহের মধ্যে মূল রুল নিষ্পত্তির নির্দেশ দেয়। পাশাপাশি কার্যক্রম পরিচালনার অনুমতি সংক্রান্ত আদেশও স্থগিত করে দেয়।
আদালতে বেলার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এএম আমিন উদ্দিন, মিনহাজুল হক চৌধুরী। সোনারগাঁ রিসোর্ট সিটির মূল প্রতিষ্ঠান ইউনিক প্রোপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে ছিলেন কামরুল ইসলাম সিদ্দিকী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গৃহায়ন ও গণপূর্ত সচিব, ভূমি সচিব, পরিবেশ ও বন সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট), নারায়ণগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের যুগ্ম পরিচালক, ইউনিক প্রোপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এই মামলার বিবাদী।
