মানহানি মামলায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক-প্রকাশকের জামিন
মানহানির একটি মামলায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী জামিন পেয়েছেন।
সোমবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
এ মামলার আরেক আসামি সাবেক এমপি গোলাম মাওলা রনি আগেই হাই কোর্টে থেকে আগাম জামিন নিয়েছিলেন।
সোমবার নিম্ন আদালতে নঈম নিজাম ও ময়নাল চৌধুরীর সঙ্গে রনিও উপস্থিত ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মামলার বাদী ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভাপতি সাইদুর রহমান মানিক।
রনির লেখা এক উপ সম্পাদকীয়তে আইনজীবীদের হেয় করা হয়েছে অভিযোগ তুলে এই মামলাটি করেন তিনি।
গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে রনির ‘সুন্দরী সুজনা, দুই বৃদ্ধা এবং এক উকিল’ শিরোনামে লেখাটি প্রকাশ হয়।
রনি আইনজীবীদের ইঁদুরের সঙ্গে তুলনা করায় দেড়শ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত ৫ অক্টোবর মানিক মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ৩১ অক্টোবর আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করে।
