কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ১১ দফা দাবি
কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন প্রক্রিয়া শিগগির বাস্তবায়নসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।
শনিবার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে (ডিআরিউ) আয়োজিত এক সংবাদ সম্মলন করে এসব দাবি জানানো হয়।
এতে ঐক্য পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী লিখিত বক্তব্য পাঠ করেন।
কিন্ডারগার্টেন নিবন্ধন প্রক্রিয়ায় সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন, গত চার বছরে ৬৫ হাজার কিন্ডারগার্টেন নিবন্ধন হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত নিবন্ধন হয়েছে মাত্র ৭৫০টি।
আগামী ছয়মাসের মধ্য নিবন্ধন নীতিমালা বাস্তবায়ন করা এবং নিবন্ধিত না হতে চাওয়া কিন্ডারগার্টেনগুলোকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান শাহজাহান আলী।
কিন্ডারগার্টেন মালিকদের নিয়ে গঠিত ঐক্য পরিষদটির পক্ষ থেকে নিবন্ধন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করার দাবি জানানো হয়।
ঐক্য পরিষদের ১১ দফা দাবির মধ্যে নিবন্ধিত বিদ্যালয়গুলোকে অষ্টম শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে উত্তীর্ণ করা, বিদ্যালয়গুলোকে সেবামূলক প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং সে অনুযায়ী বিদ্যুৎ বিল প্রদান, বিদ্যালয়গুলোকে আয়করমুক্ত রাখা, নীতিমালা অনুযায়ী একটি বিদ্যালয়ের ২০০ গজের মধ্যে কোনো বিদ্যালয় স্থাপনে অনুমতি না দেওয়া রয়েছে।
এছাড়া পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত অভিন্ন পাঠ্যতালিকা প্রবর্তন করা, সরকারি স্কুলের মতো সমতার ভিত্তিতে শিক্ষা উপকরণ বরাদ্দ করা, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তোলা, বিদ্যালয়ের অবস্থান পরিবেশ, দূরত্ব, শিক্ষা উপকরণ, যাতায়াতের ব্যবস্থা করা এবং টাস্কফোর্সর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানি না করা।
২০১৩ সালে প্রণীত শিক্ষা আইন অনুযায়ী নিবন্ধনবিহীন কোনো স্কুল পরিচালনা করলে তিন লাখ টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাভোগের শাস্তির বিধান রয়েছে বলে জানায় ঐক্য পরিষদের সদস্যরা।
টাকা লাগে বিধায় কিন্ডারগার্টেনগুলো নিবন্ধিত হতে অনিহা প্রকাশ করছে বলে মত দেন ঐক্য পরিষদের মহাসচিব শাহীন পারভেজ।
তিনি বলেন, নিবন্ধন করতে ৫০ হাজার টাকার এফডিআর এবং ৫ হাজার টাকা নিবন্ধন ফি লাগবে বলে কিন্ডারগার্টেনগুলো নিবন্ধন করছে না।
