২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় অটিজম বিষয়ক প্রশিক্ষণার্থীদের নেতৃত্বে সায়মা

অটিজম শনাক্ত ও পুর্নবাসনের ওপর বিশেষ প্রশিক্ষণ নিতে অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেনের নেতৃত্বে একটি দল বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 01:02 AM

Updated : 12 Apr 2022, 03:06 AM

সোমবার ১৫ সদস্যের ওই প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার সিউলের উদ্দেশে ঢাকা ছাড়ে বলে কোরিয়ার উন্নয়ন সংস্থা কোইকা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা সায়মার নেতৃত্বে দলটি কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ বিষয়ক মানবসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে ১৪ দিন ব্যাপী অটিজম শনাক্ত ও এতে আক্রান্তদের পুনর্বাসন বিষয়ক ওই বিশেষ প্রশিক্ষণ নেবেন।

‘অটিজম ব্যাধির শনাক্ত ও চিকিৎসার সামর্থ্য বৃদ্ধি’ শিরোনামের এই প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে।

প্রশিক্ষণে অংশ নেওয়াদের মধ্যে চিকিৎসক, বিশেষভাবে সক্ষশ শিশুদের শিক্ষক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, পক্ষাঘাতগ্রস্তদের জন্য পুর্নবাসনকেন্দ্র (সিআরপি) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ অটিজম নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক থেরাপিস্টরা রয়েছে।