দিল্লিতে ‘বিশ্বমিল’- এ ঢাবির পুরস্কার জয়
ভারতের দিল্লিতে চলমান সাংস্কৃতিক উৎসব ‘বিশ্বমিল ২০১৬’ তে মূকাভিনয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূকাভিনয় সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)।
শনিবার দিল্লির সনিপাত এলাকায় ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি আয়োজিত এই উৎসবে ‘সর্ব রোগের মহাচিকিৎসক’ নামের মাইম মঞ্চায়ন করে এই সম্মান অর্জন করেন ডুমার সদস্যরা।
তরুণ মাইম শিল্পী এবং ডুমার প্রতিষ্ঠাতা পরিচালক মীর লোকমানের রচনা ও নির্দেশনায় মূকাভিনয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শাহরিয়ার শাওন, খায়রুল বাশার রেজভী, ফরিদ উদ্দিন, কামরুন্নাহার মৌসুমি, মো. রায়হান বাসার ভুঁইয়া, সানোয়ারুল হক, সাইফুল্লাহ সাদেক ও মীর লোকমান।
দলটির মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক তপন ডি রোজারিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খুবই আনন্দিত। বিভ্ন্নি দেশের ৫৮টি দল এখানে অংশগ্রহণ করেছে। এদের সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত গৌরবের একটি বিষয়।”
গত তিন বছর ধরে ওপি জিন্দাল ইউনিভার্সিটি এই উৎসব আয়োজন করে আসছে বলে জানান তিনি।
তবে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ এবারই প্রথম। গত ১৪ অক্টোবর শুরু হওয়া এই উৎসবে শর্টফিল্ম বিভাগেও সেরার পুরস্কার এসেছে বাংলাদেশি নির্মাতার হাতে।
সাইফুল্লাহ মাহফুজ অর্ক পরিচালিত শর্টফিল্ম ‘ইনভিজিবল লাইন’ শর্টফিল্ম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বলে জানান তপন রোজারিও।
এছাড়া অতসী অনন্যা ও এস এম জুম্মান সাদিক একক অভিনয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন।
রোববার সমাপনী অনুষ্ঠান শেষে আগামী ২০ অক্টোবর তারা ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন তপন ডি রোজারিও।
