রাষ্ট্রপতির সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বৃহত্তর ময়মনসিংহ সমিতির একটি প্রতিনিধি দল।
রোববার সন্ধ্যায় সমিতির আহ্বায়ক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সমিতির নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধি দল।”
রাষ্ট্রপতি সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নিজ নিজ এলকার উন্নয়নে প্রত্যেককে সাধ্যমতো কাজ করার আহ্বান জানান।
তিনি সরকারের পাশাপাশি সম্মিলিতভাবে বৃহত্তর ময়মসসিংহের উন্নয়নকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান।
প্রেস সচিব আরও বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য অনেক পুরাতন। রাষ্ট্রপতি এই ঐতিহ্যকে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে উদ্যোগ নিতে সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।”
সাক্ষাৎ শেষে পরে প্রতিনিধি দল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে সমিতির নির্মিতব্য ভবনের নকশা রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন বলেও জানান প্রেস সচিব।
সা্ক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ সমিতির সাধারণ সম্পাদক গাজীপুরের এসপি হারুন অর রশীদও উপস্থিত ছিলেন।
