২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতিদের পেনশন বাড়াতে সংসদে বিল পাস

উচ্চ আদালতের বিচারকদের পেনশন সুবিধা বাড়াতে সংসদে বিল পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 09:09 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

সোমবার জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬’ সংসদে পাসের প্রস্তাব করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলটির ওপর বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের দেওয়া একটি সংশোধনী প্রস্তাব ছাড়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানোর এবং সংশোধনীর বাকিসব প্রস্তাব নাকচ হয়।

গত বছরের ৮ জুন বিলটি সংসদে তোলার পর পরীক্ষা করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগের বছরের ডিসেম্বর মাসে বিলটি মন্ত্রিসভার অনুমোদন পায়।

উচ্চ আদালতের বিচারপতিদের বেতন-ভাতা বাড়ানো সংক্রান্ত অপর একটি বিল নিয়ে সংসদীয় কমিটি আলোচনার সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। পেনশন সুবিধা সংক্রান্ত বিলটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।

এর পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই সংসদে বেতন-ভাতা বাড়ানো সংক্রান্ত বিলের প্রতিবেদন তোলার সময় রেজিস্ট্রার জেনারেলের না আসার বিষয় নিয়ে ‘উষ্মা’ প্রকাশ করেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

পরে ১১ অগাস্ট সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল নিয়ে আলোচনার জন্য সংসদীয় কমিটিতে আসেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।

পাস হওয়া বিলে বাধ্যতামূলক সমর্পিত পেনশনের বিপরীতে নির্দিষ্ট হারে প্রাপ্ত আনুতোষিকের হার বাড়ানো হয়েছে।

বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিভিন্ন পর্যায়ে ২৩০, ২১৫ এবং ২০০ গুন হারে আনুতোষিক ভাতা পান। বিলটি আইনে পরিণত হলে সুপ্রিম কোর্টের বিচারকরা ২৬০, ২৪৫ ও ২৩০ গুন হারে ভাতা পাবেন।

বিলে বলা হয়েছে, এই আইন ১ ডিসেম্বর ২০১৩ তারিখ থেকে কার্যকর হবে।

বিলটি মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার দিন তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা উদাহরণ হিসেবে সাংবাদিকদের বলেন, অবসরের সময় একজন বিচারকের মাসিক মূল বেতন ৫৬ হাজার টাকা হলে পেনশন হিসাবে তিনি পান এর ৮০ শতাংশ বা ৪৪ হাজার ৮০০ টাকা।

এই পেনশনের ৫০ শতাংশ বা ২২ হাজার ৪০০ টাকা তাকে আনুতোষিক হিসাবে এককালীন (বাধ্যতামূলক সমর্পণ) দিতে হয়। বাকি টাকা তিনি পান মাসিক পেনশন হিসাবে।

এককালীন অর্থের ক্ষেত্রে টাকার পরিমাণ বাড়াতেই আইন সংশোধনের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ওই সময় জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনটি স্তরে এই টাকার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ ৫৬ হাজার টাকা মূল বেতন নিয়ে ৪০-৪৫ বছর বয়সে অবসরে গেলে ওই ২২ হাজার ৪০০ টাকার ২৬০ গুণ টাকা পাবেন।

অর্থাৎ, তিনি মোট ৫৮ লাখ ২৪ হাজার টাকা (২২,৪০০X২৬০) এককালীন পাবেন।

বর্তমান নিয়মে এই বয়স শ্রেণিতে ২৩০ গুণ টাকা এককালীন দেওয়া হয়।

একইভাবে ৪৫ থেকে ৫০ বছর বয়সে অবসের গেলে আনুতোষিকের হার ২১৫ থেকে বাড়িয়ে ২৪৫ করা হচ্ছে। আর ৫০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই হার ২০০ থেকে বাড়িয়ে ২৩০ করা হয়েছে।

বর্তমানে উচ্চ আদালতের বিচারকদের অবসরের বয়স ৬৭ বছর।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “সপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারকগণ ১৯৮২ সালে অধ্যাদেশ অনুযায়ী বাধ্যতামূলক সমর্পিত পেনশনের বিপরীতে নির্দিষ্ট হারে আনুতোষিক পান। সরকার ২০১৩ সালে ডিসেম্বর মসে সরকারি কর্মচারিদের অবসর পরবর্তী জীবনের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান জীবন মানের সাথে সামঞ্জস্য রেখে বাধ্যতামূলক সমর্পিত পেনশনের বিপরীতে প্রদত্ত আনুতোষিক হার বৃদ্ধি করা হয়েছে।”

“তবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারকগণের উক্ত আনুতোষিকের হার এখনও বৃদ্ধি করা হয়নি। এমাতবস্থায় অবসরপ্রাপ্ত বিচারকগণের বাধ্যতামূলক সমর্পিত পেনশনের বিপরীতে প্রদত্ত হার বৃদ্ধি করে বিল প্রস্তুত করা হয়েছে।”

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল’ উত্থাপন

এর আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল-২০১৬’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে ২১ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সামরিক শাসনামলে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে বিলটি তোলা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, “সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশসমূহের বিষয়ে মন্ত্রিসভার প্রদত্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে কৃষি খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমে প্রণোদনা এবং উৎসাহ-উদ্দীপনা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্ত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল-২০১৬ প্রণয়ন করা হয়েছে।”