২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফা মনোয়ারের জন্মদিন উদযাপন আড়ম্বরে

চারুশিল্পী, নাট্যনির্দেশক, শিল্প গবেষক মুস্তাফা মনোয়ারের ৮১তম জন্মবার্ষিকী নানা আয়োজন ও আড়ম্বরে পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 11:11 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

সব্যসাচী এই শিল্পীর জন্মদিনে রাজধানীতে টেলিভিশন নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এবং বাংলাদেশ চারুশিল্পী সংসদ দুটি আয়োজন করে।

এসব আয়োজনে মুস্তফা মনোয়ারের শিল্পকর্ম নিয়ে আলোচনায় দেশের অগ্রজ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, সৃজনকর্মে মুস্তাফা মনোয়ার গোটা দেশকেই ‘গৌরবান্বিত’ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিরেক্টরস গিল্ডের জন্মোৎসবের আয়োজন করা হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। বৃষ্টিস্নাত সন্ধ্যার আয়োজনটি হয়ে উঠেছিল তারকামুখর।

অনুষ্ঠানে মুস্তাফা মনোয়ারকে শুভেচ্ছা জানান আমজাদ হোসেন, আতাউর রহমান, নওয়াজিশ আলী খান, ড. ইনামুল হক, ম. হামিদ, মোরশেদুল ইসলাম ও গাজী রাকায়েতসহ অন্যরা।

এছাড়া শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ, দৃষ্টিপাত নাট্য সংসদ, অভিনয় শিল্পী সংঘ, চারুনীড়ম থিয়েটার, আরটিভি, চিলড্রেন ফিল্ম সোসাইটিসহ বিভিন্ন সংস্থাও শুভেচ্ছা জানায় এই শিল্পীকে।

আয়োজনের শুরুতেই ‘আলোকের ঝরণাধারায়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শামীম আর নীপা ও শিবলী মহম্মদ।

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মুস্তাফা মনোয়ারকে ‘প্রিয় মন্টু ভাই’ সম্বোধন করে বলেন, “মন্টু ভাইয়ের মতো সৃষ্টিশীল ও প্রতিভাবান ব্যক্তি বিশ্বের যেকোনো দেশের গৌরব হতে পারে। উনি দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে কখনো বিদেশের দিকে মুখ ঘুরাননি।

“শিল্প-সংস্কৃতির জগতে তার অবদান দেশের সকলকে গৌরবান্বিত করেছে।”

মুস্তাফা মনোয়ার নির্দেশিত টিভিনাটক ‘রক্তকরবী’, ‘মুখরা রমণী বশীকরণ’, ‘মুক্তধারা’ নাটকের প্রধানতম অভিনেতা আতাউর রহমান বলেন, “আমি দেখলাম এক অসাধারণ প্রতিভাবান মানুষকে। টেলিভিশন নাট্য প্রযোজনায় তাকে এক কাজপাগলা ও সৃজনশীল মানুষ হিসেবে দেখেছি। আমার দেখা টিভিনাটক প্রযোজকদের মধ্যে তিনিই সেরা।”

১৯৭১ সালের ডিসেম্বরে দেশ স্বাধীন হল, তখন এক ‘ক্ষ্যাপাটে চিত্রকর’ সারা রাত জেগে শহীদ মিনারের চারপাশে এঁকেছিলেন অজস্র ছবি। তার সেই ‘নিমগ্ন মোহনীয় রূপটি’ এখনও ভুলতে পারেননি আরেক নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা গাজী রাকায়েত বলেন, “টেলিভিশন নাটকের মতো শক্তিশালী মাধ্যমটিকে কাজে লাগিয়ে মুস্তাফা মনোয়ার মানুষের মধ্যে আলো ছড়িয়ে যাচ্ছেন যুগে-যুগে।”

মুস্তাফা মনোয়ারের ভাবনা-পরিকল্পনাকে কাজে লাগিয়ে সরকার একটি ‘মডেল টেলিভিশন’ সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জন্মোৎসব কমিটির আহ্বায়ক সাইদুল আনাম টুটুল বলেন, “মুস্তাফা মনোয়ার ক্যামেরার চোখে অবাক সুন্দর চাঁদ-তারায় তুলে এনে বোঝাতে পেরেছিলেন ঘৃণ্য-রূঢ় সত্যকে।”

সবার ভালোবাসায় আপ্লুত শিল্পী মুস্তাফা মনোয়ার বললেন, “শিল্পীরা আনন্দলোকে বিচরণ করে, মঙ্গলালোকে পথ চলেন।

সমাজে যা ঘটবে তা মেলে ধরাটাই শিল্পীর সমাজের প্রতি দায়বদ্ধতা। আর আমি শিল্পের পথ ধরেই এতদিন চলেছি, সামনের দিনগুলোতেও এমনিভাবেই চলতে চাই।”

মুস্তাফা মনোয়ারকে নিয়ে বাংলাদেশ চারুশিল্পী সংসদের আয়োজনটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।

বৃহস্পতিবার বিকালের এ অনুষ্ঠানে মুস্তাফা মনোয়ারকে ‘সব্যসাচী শিল্পী’ খেতাব দেওয়া হয়।

অনুষ্ঠানে তাকে নিয়ে স্তুতি-বন্দনায় মেতে উঠেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আবু সায়ীদ, শিল্পী রফিকুন নবী, নাট্যজন কেরামত মাওলা, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন এবং চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।

শিল্প-সমালোচক মঈনুদ্দীন খালেদের লেখা মানপত্র শিল্পীর হাতে তুলে দেন রফিকুন নবী।

আয়োজনের শুরুতে ছিল চারুশিল্পী সংসদের সাংস্কৃতিক বিভাগের পরিবেশনা।

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, “তার সঙ্গে আত্মিক সম্পর্ক। তিনি আমার চেয়ে চার বছরের বড়। সেজন্যই আমি প্রার্থনা করি তিনি যেন হাজার বছর আমাদের বেঁচে থাকেন।”

অনুষ্ঠানে শিল্পী মুস্তাফা মনোয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় চারুশিল্পী সংসদ, ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ঢাবি চারুকলার অনুষদের বিভিন্ন বিভাগ, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সামদানি আর্ট ফাউন্ডেশ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।