২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত প্রজন্মই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ, দেশপ্রেমে উদ্বুদ্ধ- একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 11:09 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

বুধবার বিকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘ জাতীয় শোক দিবস ২০১৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পলক বলেন, “স্বাধীনতাবিরোধী অপশক্তি বুঝতে পেরেছিল যে, একটি দেশকে হত্যা করা সম্ভব নয়, সাড়ে ৭ কোটি মানুষকে হত্যা করা সম্ভব নয়। কিন্তু জাতির পিতাকে, বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেই বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা সম্ভব। তাই তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সপরিবারে, যেন বঙ্গবন্ধুর অবর্তমানে, বাংলাদেশে কেউ নেতৃত্ব দিতে না পারে।

“শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে গিয়েছিলেন বলেই আজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত সেই স্বপ্নকে পূরণ করার জন্য নিজের জীবন বাজি রেখে দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।”

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ, দেশপ্রেমে উদ্বুদ্ধ- একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা-ই হোক শোক দিবসের প্রত্যয়।”

প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক জাহিদ রেজা নুর বলেন, “যারা সত্যিই সত্যের পথে থাকে, তাদের মেরে ফেলা যায় না। তাই বঙ্গবন্ধু আমাদের মাঝে চিরদিন অমর থাকবেন। বঙ্গবন্ধু দিন দিন আমাদের মাঝে বড় হতে থাকবেন, বাড়বে বঙ্গবন্ধুর চেতনা।” 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামসহ অন্যরা।