২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির দুই কর্তাকে দেওয়া নোটিসের ভিত্তিতে ‘আপাতত কার্যক্রম নয়’

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে দুর্নীতি দমন কমিশন যে নোটিস দিয়েছিল, তা কেন বেআইনি হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 02:49 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

পাশাপাশি দুর্নীতি দমন কমিশন বিধিমালার ১৭(২) ও ১৭(৪) উপবিধি কেন সংবিধান ও দুদক আইনের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত।

দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ এ রুল দেয়।

রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই নোটিসের ভিত্তিতে কোনো কার্যক্রম বা পদক্ষেপ না নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে রিট আবেদনকারীদের অন্যতম কৌঁসুলি ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান খান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আপাতত দুদক ওই নোটিসের ভিত্তিতে কোনো পদক্ষেপ নিতে পারবে না। এক মাসের মধ্যে দুদকসহ বিবাদীদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ হিসেবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রুলের ওপর শুনানি শুরু হতে পারে।”

তবে দুদক হাই কোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করবে বলে কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, চলতি বছর জুনে দুদক ওই দুইজনকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিস দেয়। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে আরও সাত দিনের সময় বাড়ানো হয়। এ হিসেবে ১৪ জুলাই ছিল বিবরণী দাখিলের শেষ দিন।

তবে তারা সম্পদের হিসাব বিবরণী দাখিল না করে নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে আলাদা রিট আবেদন করেন, যার ওপর ২৬ জুলাই শুনানি শুরু হয়।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান ও ব্যারিস্টার এম মইনুল ইসলাম। দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খুরশীদ আলম খান।