২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তি ব্যবহারে জঙ্গিরা, সতর্ক করলেন প্রধানমন্ত্রী

জঙ্গি ও সন্ত্রাসীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রসঙ্গ তুলে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 04:01 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

বৃহস্পতিবার রাজধানীর নভোথিয়েটারে ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা’ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

শেখ হাসিনা বলেন, “প্রযুক্তি ব্যবহারে যেমন ভালো কাজও হচ্ছে, আবার এই জঙ্গি-সন্ত্রাসীরাও প্রযুক্তি ব্যবহার করছে। কাজেই এজন্য আমাদেরকে খুব সতর্ক হতে হবে।

“বাংলার মাটিতে কোনো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের স্থান হবে না- এই নীতি নিয়েই আমাদের চলতে হবে।”

ডিজিটাল বাংলাদেশ ও রূপকল্প ২০২১ বাস্তবায়নের বিভিন্ন উদ্ভাবন দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মালদ্বীপ ও ভুটানের মন্ত্রীসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, “জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা সকলে মিলে একবিংশ শতকের উপযোগী আধুনিক, সেবামুখী, চৌকষ জনপ্রশাসন গড়ে তুলবেন।”

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের রয়েছে বিশাল মানবসম্পদ। মানবসম্পদকে আরও প্রশিক্ষণ ও শিক্ষা-দীক্ষায় উন্নত করতে পারলে এ দেশ কোনোদিনই পিছিয়ে থাকবে না।

‘কাঙ্ক্ষিত লক্ষ্যে’ পৌঁছতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, “এ দেশটি আমাদের। আজকে এদেশের মানুষের জন্য যে সেবা দিয়ে যাব আগামী প্রজন্ম তার সুফল ভোগ করবে।” 

সরকারি কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত, উন্নততর ও সহজলভ্য সেবা দিতে হলে আমাদেরকে আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে।

“আমি মনে করি, জনপ্রশাসনের প্রতিটি সদস্যের সে যোগ্যতা, দক্ষতা আছে। শুধু চর্চা করার প্রয়োজন রয়েছে। আমরা দক্ষতা বৃদ্ধির জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছি।” 

প্রশাসন, আইনশৃঙ্খলা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়নসহ প্রতিটি স্তরের সরকারি কর্মচারীদের দেশের উন্নয়নে নতুন করে ভাবতে হবে বলে মনে করেন সরকারপ্রধান।

“সেবা প্রদানের নতুন কৌশল ও পদ্ধতি উদ্ভাবন করতে হবে। যে যেখানে দায়িত্বে থাকবেন সেখানে আপনাদের চিন্তা-চেতনা দিয়ে দেশকে কীভাবে আরও উন্নত করা যায়- সে বিষয়ে আরও মনোনিবেশ করতে হবে।”

শেখ হাসিনা বলেন, “রাজনীতি করি এদেশের জনগণের জন্য। তাদের সেবা দেওয়া, তাদের জীবন-মান উন্নত করা, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা, উন্নত করা- এটাই আমাদের লক্ষ্য।

“জনগণের সেবা করাটাই আমাদের কাজ। জনগণ আমাদের কাছে আসবে না, আমরাই বরং জনগণের কাছে গিয়ে তাদেরকে সেবা দিয়ে আসব- এটাই হবে আমাদের চিন্তা-চেতনা। এটাই আমাদের নীতি।”

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে ‘উদ্ভাবনী চিন্তা ও তথ্যপ্রযুক্তির বিকাশকে প্রধান্য’ দেওয়ার এবং বঙ্গবন্ধু সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তার কন্যা। 

“জাতির পিতার এসকল পদক্ষেপই আমাদের আজকের ডিজিটাল বাংলাদেশের ভিত্তি। তার এই পদক্ষেপগুলি আমাদের আগামী দিনে চলার পথ দেখিয়েছে।”

১৯৯৬ সালে তার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার গঠনের পর ‘এনালগ থেকে ডিজিটাল যুগে’ প্রবেশের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এক্ষেত্রে ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভূমিকার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

জয় তাকে কীভাবে কম্পিউটার শিখিয়েছেন এবং সরকারকে পরামর্শ দিয়েছেন সে কথাও বলেন তিনি।

শেখ হাসিনা এসময় রূপকল্প ২০২১ বাস্তবায়নে উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তির সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

এরমধ্যে রয়েছে- উদ্ভাবনকে পৃষ্ঠপোষকতা দিতে ‘ইনোভেশন ফান্ড’ তৈরি করে ১০৩টি প্রকল্প বাস্তবায়ন, ‘আইডিয়া ব্যাংক’ চালু করা, ইন্টারনেট ডেনসিটি ও সাবমেরিন ক্যাবলের ক্ষমতা বৃদ্ধি করা, দেশে তথ্যপ্রযুক্তি বান্ধব নীতি প্রণয়ন এবং দেশের ৯৯ ভাগ এলাকা মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা।

আছে ২৫ হাজারেরও বেশি ওয়েবসাইট নিয়ে ‘জাতীয় তথ্য বাতায়ন’ চালু, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষক কর্তৃক ‘ডিজিটাল কনটেন্ট তৈরি’ নামে দুটি মডেল উদ্ভাবন, মুক্তপাঠ নামে বাংলা ভাষায় একটি উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম চালু, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ তৈরি, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ২০টি মন্ত্রণালয়, চারটি অধিদপ্তর এবং ৬৪টি জেলা প্রশাসক ও সাতটি বিভাগীয় কমিশনার কার্যালয়ে ‘ই-ফাইলিং সিস্টেম’ চালু করা।

প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে ৫২৭৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার চালু করে সেখান থেকে ২০০ প্রকার সেবা দেওয়ার, মোবাইল ফোনের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ দেওয়ার ও টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা চালু করার কথাও বলেন।

‘কৃষি কলসেন্টার’ এবং ৪০০টি ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এজেন্ট ব্যাংকিং’ চালু করার প্রসঙ্গও তুলে ধরে শেখ হাসিনা।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে নভোথিয়েটারের বানানো একটি থ্রিডি চলচ্চিত্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক কবীর বিন আনোয়ার।