২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমির সমস্যা দূর করতে ডিসিদের নির্দেশ

ভূমি ব্যবস্থাপনার ডিজিটাইজেশন হচ্ছে জানিয়ে মাঠপর্যায়ে ভূমি সংক্রান্ত সমস্যাগুলো দূর করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 12:27 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

সচিবালয়ে বুধবার ডিসি সম্মেলেনের দ্বিতীয় দিন ভূমি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে মন্ত্রী ডিসিদের এই নির্দেশ দেন।

পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “ভূমি নিয়ে যেসব ভোগান্তি রয়েছে সেগুলো প্রায় দূর করে ফেলেছি। মাঠ পর্যায়ের বাকি সমস্যাগুলো দূর করতে জেলা প্রশাসকরা কাজ করছেন। মন্ত্রণালয় থেকে সেই নির্দেশনাই দেওয়া হয়েছে।”

ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে শুরু করে অতীতের ‘গণবিরোধী সামরিক শাসকরা’ ভূমি সংক্রান্ত এসব সমস্যা সৃষ্টি করে রেখেছেন বলেও মন্তব্য করেন শামসুর রহমান।

তিনি বলেন, “নকশা পেতে সময় লাগে। এজন্য ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করছি, এটা যত দ্রুত সম্পন্ন হবে তত দ্রুত এই সমস্যার সমাধান হবে।”

কত দিনের মধ্যে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পুরো ডিজিটাল হবে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “বক্তব্য করে ডিজিটাল হবে না। অস্ট্রেলিয়ার ২০ বছর লেগেছে, ইন্ডিয়া এখনও অর্ধেকই করতে পারেনি। আমরা অতি দ্রুত এটা সম্পন্ন করে ফেলব। তাদের মত এতদিন লাগবে না।”

ভূমিহীনদের মধ্যে খাস জমি বণ্টনে কোনো ‘প্রতিবন্ধকতা নেই’ দাবি করে মন্ত্রী বলেন, “খাস জমি কৃষক ছাড়া অন্য কাউকে দেওয়ার সুযোগ নেই। তবে তাদের মধ্যে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার আগে একসনা বন্দোবস্ত দেওয়া হয়।”

মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এই কার্য অধিবেশনে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হাসেন মঞ্জু ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।