২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা অত্যন্ত খুশি: তুরিন

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জামালপুরের তিন আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের আমৃত্যু কারাদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 01:48 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এই রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।

তুরিন বলেন, “আমরা নিঃসন্দেহে এই রায়ে অত্যন্ত খুশি। কারণ এ পর্যন্ত ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কনভিকশন রেট শতভাগ। আজকের রায়েও ব্যতিক্রম ঘটেনি।”

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচ অভিযোগের মধ্যে তিনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

বাকি দুটি প্রমাণ করতে না পারার ক্ষেত্রে প্রসিকিউশন যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে।

এ বিষয়ে তুরীন বলেন, “প্রসিকিউশনের হাত কতটুকু লম্বা আপনারা জানেন। আমাদেরকে তদন্ত সংস্থার ওপর নির্ভর করতে হয়।

“একটি ঘটনা, ৭১ সালের এতো বছর পর তদন্ত করতে গেলে সেক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে, সেটা আমরা স্বীকার করি। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছি।”

আসামিদের মধ্যে অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের একটি অভিযোগে মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান ও মো. আব্দুল বারীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

আর এটাসহ বাকি দুই অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’, এস এম ইউসুফ আলী, ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, হারুন ও মো. আবুল হাশেম।

আসামিদের শুধু শামসুল ও ইউসুফ রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আমৃত্যু সাজার রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন তারা।

বাকিদের পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে। রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তাদেরও ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে।

আদালত দণ্ডিত পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন বলে জানান তুরিন।

“আইজিপিকে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।