২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পঞ্চম বারের মতো পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 09:20 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

ঢাকার মহানগর হাকিম আবদল্লাহ আল মাসুদের আদালতে মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে আগামী ১৪ জুলাই দিন ধার্য করেন।

এ বছরের ৫ জানুয়ারি শহীদের সংখ্যা নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্রের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলাটি করেন।

পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতের বিচারক শাহবাগ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

২০১৫ সালের ২১ ডিসেম্বর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”

অন্যদিকে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছে। একাত্তরের ১৪ ডিসেম্বর পর্যন্ত যাঁরা পাকিস্তানের বেতন-ভাতা খেয়েছেন, তারা নির্বোধের মতো মারা গেলেন।

“আর আমাদের মতো নির্বোধরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের কবরে ফুল দিই। আবার না গেলে পাপ হয়। তারা যদি বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকলেন কীভাবে।”

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের বক্তব্যের পর সারা দেশে সমালোচনার ঝড় ওঠে; বিভিন্ন আদালতে বেশ কিছু অভিযোগও তাদের বিরুদ্ধে দায়ের করেন অনেকে।

পুরনো খবর:

মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে খালেদার সংশয়