নারী ক্ষমতায়ন নিয়ে হাসিনার সহায়তা চায় ওআইসি
বাংলাদেশে নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওইআইসিতে এ অভিজ্ঞতা কাজে লাগাতে সহায়তা চেয়েছেন সংস্থাটির মহাসচিব ইয়াদ বিন আমিন মাদানি।
শনিবার রাতে জেদ্দা কনফারেন্স প্যালেসে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি।
পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
শহীদুল হক বলেন, “নারী ক্ষমতায়নে ওআইসির মহাসচিব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন যে, ওআইসিতেও নারীর ক্ষমতায়ন ইস্যুটাকে বড় করে আনতে চাচ্ছেন তারা। সেখানে প্রধানমন্ত্রীর অভিজ্ঞতা, লিডিং রোল, বাংলাদেশের অভিজ্ঞতা শেয়ার করতে চান।”
এছাড়া বাংলাদেশে এনজিওর কার্যক্রম ও ও ক্ষুদ্র ঋণের অভিজ্ঞতা ওআইসিতে কাজে লাগাতে মাদানি প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন বলে জানান তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, “বাংলাদেশের এনজিও সেক্টরের যে সফলতা, গ্লোবাল ডেভেলপমেন্টে যে অবদান এ ব্যাপারে ওআইসি নতুন করে উদ্যোগ নিচ্ছে; বাংলাদেশ যেন অ্যাক্টিভলি এখানে সাপোর্ট করে সে প্রস্তাব করেছেন।
ক্ষুদ্র ঋণ নিয়েও বাংলাদেশের অভিজ্ঞতাকে অন্যান্য মুসলমান দেশে কাজে লাগাতে সহায়তা প্রত্যাশা করেন ওআইসি মহাসচিব।
প্রস্তাব দিলে তিন ক্ষেত্রেই সহায়তা করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
এই তিন ক্ষেত্রে ওআইসির সহযোগিতা চাওয়ার বিষয়টিকে ‘বিরাট রিকগনিশন’ বলে মনে করছেন পররাষ্ট্র সচিব।
বৈঠকে প্রধানমন্ত্রী ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ মাধ্যমে দরিদ্রদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া এবং ক্ষুদ্র সঞ্চয়ের কথা তুলে ধরলে ওআইসিভুক্ত অন্যান্য দেশেও তা বাস্তবায়নে সহায়তা চান মহাসচিব।
ওআইসিভুক্ত দেশগুলোতে কীভাবে বাণিজ্য বাড়ানো যায় সে বিষয়ে মহাসচিব মাদানি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলে জানান পররাষ্ট্র সচিব।
মাদানি ছাড়াও সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোমেন্টস মন্ত্রীর উপদেষ্টা তালাল বিন আহমেদ আল আকিল শনিবার রাতে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
শেখ হাসিনা রোববার সকালে জেদ্দায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর দুপুরে জেদ্দার আল আন্দালুসে আল সালাম প্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে।
প্রধানমন্ত্রী সোমবার মদিনায় গিয়ে মসজিদে নববীতে হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করে পরদিন দেশে ফিরবেন।
সৌদি বাদশাহ সালমান দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে ওমরাহ করতে সৌদি আরব গিয়েছিলেন শেখ হাসিনা।
