শিবির নেতার মৃত্যুকে ‘বিচার বহির্ভূত হত্যা’ বললেন ইমরান
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় এক শিবির নেতার মৃত্যুর ঘটনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে মনে করছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার শিবির নেতা হাফিজুর রহমান বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর প্রতিক্রিয়ায় ইমরান ফেইসবুকে লিখেছেন, “এ দেশে কোনো বিচার না হলেও অবিচার চলছে সমান তালে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসনের প্রতি চপেটাঘাত ছাড়া কিছুই নয়।”
হাফিজুর রাজশাহী নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রথমে পুলিশ জানালেও পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতার কারণে তার মৃত্যু হয়েছে।
রাজশাহী জেলা কারাগারের চিকিৎসক এএসএম সায়েম জানান, হাফিজুর শিকল সেল এনিমিয়ায় আক্রান্ত ছিলেন।
“এটা রক্তের একটা রোগ, যাতে হিমোগ্লোবিন ভেঙে যায়। এর ফলে যে জটিলতা দেখা দেয় তাতে রোগীর মৃত্যুও হয়।”
চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নেওয়া ইমরান বলছেন, “একজন মানুষের শরীরে হিমোগ্লোবিনের মতো রক্তের গুরুত্বপূর্ণ উৎপাদান তৈরি না হলে তাকে অসুস্থই বলতে হবে। এ ধরনের মানুষকে প্রয়োজন মতো হিমোগ্লোবিন দিতে হয় এটা কারও অজানা নয়। এমন অসুস্থ ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার বিষয়টিও ভেবে দেখার মতো।”
যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতের শীর্ষ নেতাদের বিচার এবং দল হিসেবে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে তিন বছর আগে শাহবাগে গণ-আন্দোলন সৃষ্টি করে দেশ বিদেশে পরিচিতি পান ইমরান।
বিভিন্ন বিচার বহির্ভূত হত্যা-গুম-খুন-ধর্ষণের মতো অপরাধের ঘটনাতেও সরকারের কড়া সমালোচনা এসেছে তার দিক থেকে।
এবার গণজাগরণ মঞ্চের মতাদর্শের বিপরীতে থাকা শিবিরের একজন নেতার কারা হেফাজতে মৃত্যু নিয়েও প্রতিবাদী হলেন তিনি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করতে গিয়েই ওই ঘটনার উল্লেখ করেছেন তিনি। এখানে কারও নাম কিংবা দলীয় পদ তার কাছে মুখ্য বিষয় নয়।
“রেজাউল করিমের হত্যাকাণ্ডের জট খুলতে গিয়েই আরেকটি হত্যাকাণ্ড ঘটল। সম্প্রতি এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অহরহ হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ঢাকায় এক ছাত্রলীগ নেতা, যশোরে দুই শিবিরকর্মীসহ সম্প্রতি আরও অনেকেই বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। আমরা এসবের বিরুদ্ধে।”
তার ভাষায়, “একজন মানুষকে পুলিশ হেফাজতে নিয়ে হিমোগ্লোবিন দেওয়া হল না, তার মৃত্যু হল। এটা হত্যারই শামিল।”
হাফিজুরের রক্ত স্বল্পতার বিষয়ে জানতে চাইলে তার বড় ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে হাফিজুরের জন্য রক্তের প্রয়োজন বলে আমাকে ফোনে জানিয়েছিলেন জেলার। সেখানে আমি যাওয়ার পর তার মৃত্যু হয়।”
মতাদর্শের বিপরীতের একজনের মৃত্যুর ঘটনা নিয়ে এ অবস্থানের একটি ব্যাখ্যা ইমরান ফেইসবুকে তার লেখাতেই দিয়েছেন। তিনি বলেছেন, তার এই অবস্থান হয়তো ‘সব মহলে গৃহিত হবে না’।
“হ্যাঁ, একজন শিবির নেতাকে হত্যা (?) করা হয়েছে বলে আমি জানি আপনারা অনেকেই হয়তো খুশি হয়েছেন। আমি এও জানি এই হত্যার নিশানা হয়তো আপনার/আমার দিকেও তাক করা আছে। আপনাকে কিংবা আমাকে হত্যার পরও খুনিরা কাউকে না কাউকে ঠিকই খুঁজে নেবে, যারা বৈধতা দেবে আমাদের হত্যার। আমি গভীরভাবে শঙ্কিত, তাই সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধেই উচ্চকিত।”
এর ব্যাখ্যায় তিনি বলেন, “সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সম্ভবত সবচেয়ে সোচ্চারদের একজন আমি। বিচারের দাবি মানে যদি কেউ অবিচারের দাবি মনে করে থাকেন, আমার প্রতি খুব অন্যায় করা হবে।
“বিচার মানে আইন প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার। আমি জামায়াত শিবিরের আদর্শিক বিরোধী, কিন্তু তাদের বিচার বহির্ভূতভাবে হত্যার সমর্থক নই।”
ইমরান বলেন, “অপরাধীর অপরাধের বিচার হবে দেশের আইন অনুসারে, তার যদি সর্বোচ্চ শাস্তি প্রাপ্য হয় তবে সে তাই পাবে। কিন্তু বিচার না করে বিচার বহির্ভূতভাবে তাকে হত্যা করা হলে- এটা তার প্রতি যেমন অবিচার, বিচার প্রত্যাশীদের প্রতিও অবিচার।
“কেউ কেউ বলবেন তারা তো দেশবিরোধী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের আবার বিচার কিসের? দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তিও কিন্তু দেশের আইনে সম্ভব। তাকে সেই আইন অনুসারে শাস্তি দেওয়ার বদলে গুম বা খুন করা হলে সেটা দেশের আইনের প্রতিও অসম্মান।”
মানবতাবিরোধী অপরাধী ও খুনি-ধর্ষকদের বিচারের দাবি পুর্নব্যক্ত করে হাফিজুরের মতো শিবির নেতার ব্যাপারে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, “এই জঘন্য অপরাধীদের ক্ষেত্রেও কখনও অবিচার চাইনি। কেননা আমি বিশ্বাস করি, অবিচারকে প্রশ্রয়ই ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রধান অন্তরায়।
“অবিচার দিয়ে কোনোদিনই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। সকল হত্যা-গুম-খুন-ধর্ষণের বিচার চাই। এমনকি যদি বিচার বহির্ভূতভাবেও কাউকে হত্যা করা হয় তারও বিচার চাই।”
ফেইসবুক পোস্টের শেষে ব্র্যাকেটবন্দি করে ইমরান লেখেন, “আমি জানি, আমি যা বলছি তার জন্য এই সমাজ এখনো প্রস্তুত নয়। তারপরও বলছি, কারণ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বার্থে কাউকে না কাউকে তো ঝুঁকি নিতেই হবে। আমি ঝুঁকি নিতে পছন্দ করি।”
