বাবার কবরে শেষ শয্যা সাদেক খানের
সহকর্মীদের শ্রদ্ধা নিয়ে বনানী কবরস্থানে শেষ শয্যা নিয়েছেন পিআইবির সাবেক চেয়ারম্যান, কলামনিস্ট সাদেক খান।
পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আবদুল জাব্বার খানের কবরেই তার বড় ছেলেকে মঙ্গলবার বিকালে সমাহিত করা হয়েছে।
এ সময় ভাই মন্ত্রী রাশেদ খান মেনন, বোন সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমানসহ আত্মীয়-স্বজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন।
গুলশানের আজাদ মসজিদে তার জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরীসহ রাজনীতিক ও অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সাদেক খানের কফিন জাতীয় প্রেস ক্লাবে নিলে সাংবাদিকদের সংগঠনগুলোর নেতারা প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
জাতীয় প্রেস ক্লাবের প্রবীণতম এই সদস্যের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আনলে শোকবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রবীণ অনেক সাংবাদিক সেখানে জানাজায় অংশ নেন।
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজায় রাজনীতিকদের মধ্যে ছিলেন বিএনপির মওদুদ আহমদ, আবদুল আউয়াল মিন্টু, মোসাদ্দেক আলী ফালু, খায়রুল কবীর খোকন, ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা, জেএসডি সভাপতি আসম আবদুর রব, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার।
অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক মনসুর মুসা, অধ্যাপক ফেরদৌস হোসেন, সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন, মো. আমানুল্লাহ, আমানুল্লাহ কবীর, রিয়াজ উদ্দিন আহমেদ, ফজল এম কামাল, আলমগীর মহিউদ্দিন, মো. মাহফুজউল্লাহ, রুহুল আমিন গাজী, মঞ্জুরুল আহসান বুলবুল, সাইফুল আলম, ফখরুদ্দীন আহমেদ, আবদুল জলিল ভুঁইয়া, এলাহী নেওয়াজ খান সাজু, আবু সালেহ, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ছিলেন জানাজায়।
জানাজার পর জাতীয় প্রেস ক্লা্ব, বিএফইউজে, ডিই্উজেসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাদেক খানের কফিনে ফুল দেওয়া হয়।
সাদেক খান সোমবার মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
গত শতকের পঞ্চাশের দশকে দৈনিক সংবাদে সাংবাদিকতা শুরু করা সাদেক খান বিভিন্ন পত্রিকায় কলাম লিখেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইংরেজি সাপ্তাহিক ‘হলিডে’তে লিখেছেন।
সংবাদপত্রে কাজ করার পর তরুণ বয়সে চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার নদী ও নারী সিনেমাটি মুক্তি পায় ষাটের দশকে।
রাজনৈতিক দর্শনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অনুসারী সাদেক খানের সঙ্গে বিএনপির সখ্য ছিল। ২০১২ সালে ‘বাংলাদেশ গণশক্তি দল’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি।
