ক্যান্সার বাসা বেঁধেছে সৈয়দ হকের দেহে
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে।
ফুসফুসে জটিলতা নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর পরীক্ষা করে চিকিৎসকরা ক্যান্সারের বিষয়ে নিশ্চিত হয়েছেন।
মঙ্গলবার থেকে রয়্যাল মার্সডেন হাসপাতালে তার চিকিৎসা শুরু হবে।
শুক্রবার জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি মুহাম্মদ সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে সৈয়দ হকের সঙ্গে তার কথা হয়েছিল। ক্যান্সারের বিষয়টি সৈয়দ হক নিজেই তাকে নিশ্চিত করেছেন।
“লন্ডনে শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা তার দেহে এ রোগের অস্তিত্ব পান। আগামী মঙ্গলবার থেকে সেখানকার রয়্যাল মার্সডেন হাসপাতালে কবির ক্যান্সারের চিকিৎসা শুরু হবে।”
সৈয়দ হকের চিকিৎসায় প্রধানমন্ত্রী সহযোগিতা করবেন বলেও আশা করছেন কবি সামাদ।
তিনি বলেন, “লেখালেখির পাশাপাশি তিনি মৌলবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রী এর আগেও বিভিন্ন কবি সাহিত্যিক শিল্পীদের বিদেশে চিকিৎসায় সহায়তা করেছেন। তিনি নিশ্চয়ই প্রয়োজনে সহযোগিতা করবেন।”
কবিতা, নাটক, গল্প-উপন্যাসসহ সাহিত্যের সব শাখায় বিচরণকারী সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এই সাহিত্যিকের হাত দিয়ে ‘খেলারাম খেলে যা’, ‘নীল দংশন’, ‘মৃগয়া’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘আয়না বিবির পালা’সহ বহু পাঠকপ্রিয় বই এসেছে।
তার লেখা নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ও ‘নুরুল দীনের সারাজীবন’ বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে মাইলফলক হয়ে আছে।
