বৈশাখী উৎসবে হাতে ধরা মুখোশে বাধা নেই
পহেলা বৈশাখের অনুষ্ঠানে মুখোশ পরে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হলেও শোভাযাত্রায় হাতে ধরা বড় আকারের মুখোশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঢাকা মহানগর পুলিশের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির নানা বিষয় তুলে ধরেন কেন্দ্রীয় নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক অধ্যাপক সহিদ আকতার হুসাইন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, “আমি এটা উদাত্তভাবে জানাতে চাই, সম্মানিত নগরবাসীর নিরাপত্তার জন্য ডিএমপির সতর্ক দৃষ্টি রয়েছে। আমরা আমাদের সামর্থের সর্বোচ্চ চেষ্টা করে যাব।
“আমরা সমন্বয় করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, সব গোয়েন্দা সংস্থা ও আয়োজক সংস্থার সঙ্গে। যাতে জনগণ কোনো ধরনের বিড়ম্বনা ও নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে। সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব।”
এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, রবীন্দ্র সরোবর, হাতিরঝিলসহ সব উন্মুক্ত স্থানে অনুষ্ঠান ৫টা পর্যন্ত চালু রাখার আহ্বান জানান।
তবে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান আয়োজনে কোনো বাধা নেই বলে জানান ডিএমপি কমিশনার।
“এখন থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা তল্লাশি চালানো শুরু হয়েছে।”
“মুখোশ পরে যাতে কেউ শোভাযাত্রায় অংশ নিতে না পারে সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে।”
তবে চারুকলা অনুষদের বানানো হাতে ধরা বড় মুখোশ শোভাযাত্রায় প্রদর্শনে কোনো বাধা থাকবে না বলে জানান তিনি।
পহেলা বৈশাখকে কটাক্ষ করে নানা ধরনের মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উস্কানিমূলক অপপ্রচার চালানোর চেষ্টা চলছে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, “এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানাই।”
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা পদক্ষেপের কথা তুলে ধরে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, “নিশ্চিদ্র নিরাপত্তার স্বার্থে ডিএমপির সহযোগিতায় পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা বসানো হয়েছে। ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং সিটি করপোরেশনের সহযোগিতায় পর্যাপ্ত আলো ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।”
এছাড়া ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, চারশ বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য মোতায়েনেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
অধ্যাপক সহিদ আকতার বলেন, “বিকট শব্দ সৃষ্টিকারী ভুভুজেলা বাঁশি নিষিদ্ধ করা হয়েছে। জরুরি ঘোষণার জন্য মাইকিংয়ের ব্যবস্থা থাকছে।”
ক্যাম্পাসে আগতরা কোনো ধরনের সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে যোগাযোগের জন্য কয়েকটি জরুরি ফোন নম্বর বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
মানুষের চলাচলের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যানের রাজু ভাস্কর্য ও ছবির হাট এলাকার ফটক বন্ধ থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ডিএমপি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আকাশে থাকবে র্যাবের হেলিকপ্টার
পহেলা বৈশাখে নিরাপত্তা নজরদারিতে রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার চক্কর দেবে বলে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছেন।
বেনজীর আহমেদ
মঙ্গলবার রমনা বটমূলে নিরাপত্তার বন্দোবস্তু পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে র্যাব সদস্যরা গাড়ি ও মোটর সাইকেলে টহলেও থাকবেন।
বর্ষবরণের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা চেয়ে র্যাবপ্রধান বলেন, “আমরা মনে করি কয়েকটা দুষ্কৃতকারী ক্রিমিনাল বাদে ১৬ কোটি মানুষের সবাই হচ্ছে আমাদের চোখ ও কান। আমরা তাদের সকলের সহযোগিতা চাই।”
নববর্ষে উদযাপনে সারাদেশে অনুষ্ঠানের বিস্তার বাড়ছে বলে নিরাপত্তার চাহিদাও বাড়ছে বলে জানান তিনি।
বেনজীর জানান, সোশাল মিডিয়ায় উসকানিসহ নানা অপরাধমূলক তৎপরতা রোধে র্যাব বাহিনীর সক্ষমতা বাড়াচ্ছে।
“তার আগ পর্যন্ত যারা যেখানে নিরাপত্তাহীনতায় ভোগেন, তারা দয়া করে আমাদের অ্যাপ্রোচ করবেন।”
র্যাবপ্রধানের সঙ্গে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, র্যাব-৩ এর অধিনায়ক সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
