২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূর ‘আত্মহত্যা’, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

ঢাকার উত্তরায় এক গৃহবধূর ‘আত্মহত্যার’ পর প্ররোচণা ও নির্যাতনের অভিযোগে তার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 07:09 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

অথৈ রানী নামের ১৯ বছর বয়সী ওই তরুণীর বাবা নুরুল আমিন এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার একটি মামলা করেছেন বলে ওসি আলী হোসেন খাঁন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শ্বশুরবাড়ির ‘নির্যাতন সহ্য করতে না পেরে’ রোববার রাতে ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অথৈ। খবর পেয়ে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে।

মামলা হওয়ার পর সোমবার সকালে অথৈয়ের স্বামী পিয়াস রহমান ও শাশুড়ি পারুল বেগমকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। 

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, প্রেমের সম্পর্ক থেকে অথৈয়ের সঙ্গে পিয়াসের বিয়ে হয়।

“শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে পাস করা পিয়াস বিয়ের পর  স্ত্রীকে উত্তরা ১১ নম্বর সেক্টরে বাবার বাসায় উঠিয়ে নিলেও তার পরিবার এ বিয়ে ভালোভাবে নেয়নি। পিয়াসের বাবার আয়ে পুরো সংসার চলতো বলে এ নিয়ে পরিবারে অশান্তিও ছিল।”

নুরুল আমিন পুলিশের কাছে অভিযোগ করেছেন, তার মেয়ের ওপর শ্বশুরবাড়িতে প্রায়ই নির্যাতন করা হতো। ‘গলায় ফাঁস দিয়ে মরতে পারিস না’, ‘যা আত্মহত্যা কর’- এ ধরনের কথাও প্রায়ই অথৈকে বলতেন তার শাশুড়ি ও স্বামী।

এসব কারণে কখনো বাবা কখনো বোনের বাসায় গিয়ে থাকতেন অথৈ। রায়ের বাজারে বাবার বাসা থেকে রোববার তাকে বুঝিয়ে আবার উত্তরায় নিয়ে যান পিয়াস।

ওসি বলেন, সন্ধ্যায় উত্তরার বাসায় যাওয়ার পর একইভাবে মেয়েটিকে ‘নির্যাতন করেন’ তার শাশুড়ি। অথৈ রাস্তায় ‘গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা’ করবেন বলে বাসা থেকে বের হয়ে গেলে ‘চড়-থাপ্পড় মেরে’ পিয়াস তাকে বাসায় নিয়ে আসেন।

“এরপর রাতে ঘরের দরজা লাগিয়ে অথৈ টয়লেটের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয়। পিয়াসসহ অন্যরা বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সেখান থেকেই পুলিশ তার লাশ উদ্ধার করে।”

রাস্তায় চড় মারার বিষয়টি পিয়াস পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান ওসি।

তিনি বলেন, নুরুল আমিনের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে অথৈ ছিলেন সবার ছোট। নবম শ্রেণির পর তার আর লেখাপড়া হয়নি।