অটোরিকশায় ‘ওড়না পেঁচিয়ে’ এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাজধানীর শনির আখড়ায় অটোরিকশার চাকার সঙ্গে ‘ওড়না পেঁচিয়ে’ এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত আফরিন আক্তার জ্যোতি (১৯) রাজধানীর ধনিয়ার বাসিন্দা আব্দুল আজিজ ও আয়েশা আক্তার দম্পতির মেয়ে। সামনের সপ্তাহে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীয় মতিঝিল মডেল কলেজের এই ছাত্রীর অংশ নেওয়ার কথা ছিল।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, সোমবার বিকালে রাজধানীর ধোলাইপাড়ের একটি রেস্তোরাঁয় খেয়ে বন্ধুদের সঙ্গে ফেরার পথে এ ঘটনা ঘটে।
কিভাবে জ্যোতির মৃত্যু হয়েছে সেটি নিয়ে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের মধ্যে ধোঁয়াশা রয়েছে।
জ্যোতির বাবা বন্ধু সেকান্দার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে জ্যোতি ও তার কয়েক বান্ধবী মিলে গৃহশিক্ষক মো. শরিফের সঙ্গে ধোলাইপাড়ের একটি রেস্তোরাঁয় গিয়েছিল।
খাওয়া শেষে অটোরিকশায় করে বাসায় ফেরার সময় জ্যোতিকে অসুস্থ্ এবং গলা দিয়ে রক্ত ঝরতে দেখে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয় বলে তার বাবা-মাকে ফোন করে জানায় জ্যোতির বান্ধবীরা।
জ্যোতির বাবা মা ওই ক্লিনিক থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
সেকান্দার বলেন, “শিক্ষক শরিফ আমাদের জানায়- জ্যোতি ও তার বান্ধবীদের খাওয়া শেষে তাদেরকে তিনি একটি অটোরিকশায় উঠিয়ে দেন। আর জ্যোতির বান্ধবীরা আমাদের জানায় জ্যোতির ওড়না অটোরিকশার সঙ্গে পেঁচিয়েছে কিনা সেটি তারা নিশ্চিত নন।
“জ্যোতিকে কি কেউ ওড়না পেঁচিয়ে হত্যা করেছে- না সত্যিই দুর্ঘটনায় পড়েছে তা আমরা নিশ্চিত নই,” বলেন নিহত ছাত্রীর বাবার এই বন্ধু।
জ্যোতির গলায় কালো দাগ রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে জানিয়ে কদমতলীর ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, “ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।”
