সিলিকা বালু: মৌলভীবাজারের ৫১ পাহাড়ি ছড়া ইজারায় নিষেধাজ্ঞা
সিলিকা বালু উত্তোলনের জন্য মৌলভীবাজারের ছয় উপজেলার ৫১টি পাহাড়ি পানির ছড়া নতুন করে ইজারা প্রদানের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
জনস্বার্থে পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ রুলসহ অন্তবর্তীকালীন এ আদেশ দেয়।
পরিবেশগত সমীক্ষা ছাড়া মৌলভীবাজারের ছয় উপজেলার পানির ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ ও নতুন করে ইজারা প্রদানে নিষেধাজ্ঞা চেয়ে গত ৮ মার্চ এই রিট করেছিল বেলা।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
রিট আবেদন থেকে জানা যায়, ২০১৩ সালের ১৮ জুন এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও বড়লেখা উপজেলার ৫১টি ছড়াকে সিলিকা বালু সমৃদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করে।
এর মধ্যে ২০১৪ সালের ডিসেম্বরে ১৯টি ছড়া থেকে অযান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনের জন্য ইজারা দেয় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো।
রিট আবেদনে বলা হয়, বিদ্যমান খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী সিলিকা বালু খনিজ সম্পদ, যেটি লাল শ্রেনিভুক্ত শিল্প।
“এই খনিজ সম্পদ উত্তেলনের আগে সংশ্লিষ্ট এলাকার অবস্থানগত ছাড়পত্র, পরিবেশগত সমীক্ষা নিরূপন ও উত্তোলনকারীদের পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। এসব অনুসরন না করে ১৯টি ছড়া ইজারা দেওয়া হয় এবং অন্যান্য ছড়া ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে ইজারাদাররা ড্রিল মেশিন, ড্রেজার ও এক্সক্যাভেটর দিয়ে বালু উত্তোলন করছে, যার ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে ও ওখানকার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
আদালতের আদেশের পর আইনজীবী মিনহাজুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিষেধাজ্ঞার পাশাপাশি হাই কোর্ট বড়লেখায় সব ধরনের বালু উত্তোলকারী যন্ত্রচালিত মেশিন জব্দ করতে মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিলেট বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।”
এছাড়া ওইসব পাহাড়ি ছড়া থেকে বেআইনি ও নিয়ন্ত্রণহীনভাবে বালু উত্তোলন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং পরিবেশগত সমীক্ষা ছাড়া ১৯টি ছড়া ইজারা প্রদান কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে বলে জানান মিনহাজুল।
মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিলেট বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ২৮ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
