২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে না তোলা ভালো: মেয়র আনিসুল

বনানীর বহুতল ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার জন্য স্থানীয়রা তিতাস কর্তৃপক্ষের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনকে দায়ী করলেও সে দায় নিতে রাজি নন মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সঙ্গে রাস্তা খোঁড়ার কারণে গ্যাস পাইপে ছিদ্র হওয়ার যোগসূত্র নিয়ে সন্দেহও প্রকাশ করেন তিনি।

বনানীর ২৩ নম্বর সড়কে ঠিকাদারের মাধ্যমে স্যুয়ারেজ লাইনের জন্য রাস্তা খোঁড়ার কাজ করাচ্ছে সিটি করপোরেশন। ওই সড়কের ৯ নম্বর ভবনে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগার পর তৃতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান।

এ ঘটনায় তিতাস কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন ভবন মালিক শামসুল আলম, যার এক ছেলে আগুনে ঝলসে গেছে।

স্থানীয়রা বলছেন, গত বুধবার রাস্তা খোঁড়ার সময় পাশের ১৪ নম্বর ভবনের সামনের গ্যাস পাইপে ছিদ্র হয়, সেখান থেকেই গ্যাস ৯ নম্বর ভবনের স্যুয়ারেজ লাইনে ঢুকে ভবনে ছড়িয়ে পড়ে। গভীররাতে ওই গ্যাসের কারণেই ঘটে বিস্ফোরণ। বুধবারই ছিদ্র থেকে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তিতাস। শুক্রবার সকালে তিতাস ওই ছিদ্র বন্ধের পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র আনিসুল।

সিটি করপোরেশনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এটা বলা খুব সহজ, ওমুক দায়ী, ওমুক দায়ী। আমি ফরমালি বললাম, দেড় মাস আগে আমাদের একটি সমম্বয় মিটিং হয়েছে।

“এটাও ফরমালি বললাম, আমাকে আজকে জানানো হয়েছে, গত পরশু তিতাসের কমপ্লেইন রেজিস্ট্রারে ফরমালি লিখিত কমপ্লেইন করে এসেছে ঠিকাদার।”

এ বিষয়ে প্রয়োজনে সাংবাদিকদের খোঁজ নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র আনিসুল বলেন, “সুতরাং উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে না তোলা ভালো।

“যে ঘটনাটি ঘটেছে, সেটি রাস্তায় ঘটেনি, সেটি বিল্ডিংয়ে ঘটেছে এবং বিল্ডিংয়ে শব্দ হয়েছে দোতলা ও ছয়তলায়। এর ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন।”

১৪ নম্বর ভবনের এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরশু রাস্তা খোঁড়ার পর থেকে রাস্তার উল্টো দিকের ৯২ নম্বর ভবনের গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে গ্যাস বেরুচ্ছিল।

“রাস্তার ঠিকাদারকে বিষয়টি বললে তিনি বলেন, তিতাস কর্তৃপক্ষকে আমি বিষয়টি জানাচ্ছি। আপনারা (বাসিন্দা) একটু সাবধানে চলবেন।”

এদিকে বৃহস্পতিবার সারাদিন গ্যাসের গন্ধ পাওয়া যায়। তিতাসকে বিষয়টি জানানোর পরও কেউ মেরামত করতে আসেনি।

৯২ নম্বর ভবনের বাসিন্দারা জানান, তাদের বাসায় বুধবার থেকে গ্যাস নেই। তাদের দুর্ঘটনায়ও পড়তে হয়নি।

বিস্ফোরণের ঘটনায় সিটি করপোরেশনের ব্যর্থতা রয়েছে কি না- জানতে চাইলে আনিসুল হক বলেন, “সিটি করপোরেশনের ব্যর্থতা নেই বলে আমি মনে করি। কারণ এখানে সিটি করপোরেশনের করার কিছু নেই।”

সিটি করপোরেশন, ওয়াসাসহ নগরীর অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের কাজে সমন্বয়হীনতার অভিযোগের জবাবে মেয়র বলেন, “এটা তো ‘রং’ কথা না। সমন্বয়হীনতা তো থাকতেই পারে।”

সমন্বয়ের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, “দেড় মাস আগেও মিটিং করেছি। সমন্বয়হীনতা ঘটে, কারণ একেকজন একেক সময় কাজ করি। একেক জনের প্ল্যান একেক সময় পাস হয়।

“একেকটি প্রতিষ্ঠান একেক সময় সরকার থেকে টাকা পায়। সুতরাং চাইলেও এক সময় কাজ করা সম্ভব নয়। তবে অনেক বেশি সমন্বয় করা উচিৎ এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি।”

পুরনো খবর:

গ্যাসলাইনের ফুটো বন্ধ হলো ভবন পোড়ার পর