২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৩৫ বছরে ১০ কোটি ছাড়াবে শহরের জনসংখ্যা’

আগামী ৩৫ বছরে বাংলাদেশের ১০ কোটির বেশি মানুষ শহর এলাকায় বাস করবে জানিয়ে এ জন্য প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 08:09 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

শুক্রবার ‘আর্কিটেকচার নাউ/নেক্সট’ শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে তিনি বলেন, “স্বাধীনতার ৪৫ বছর পর এখন বাংলাদেশের জনসংখ্যার ৪৫ শতাংশ শহর এলাকায় বাস করে।

“পরবর্তী ৩০ বছরে দেশের জনসংখ্যা দাঁড়াবে ২০ কোটির বেশি। আর ৩৫ বছরের মধ্যে দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি শহরে বাস করবে, যেমনি এখন পৃথিবীর অধিকাংশ এলাকায় করে।”

Image
ফজলে হাসান আবেদ

ফজলে হাসান আবেদ

বেসরকারি সংস্থা ব্র্যাকের এই প্রতিষ্ঠাতা বলেন, “এদেরকে (ভবিষ্যতের শহুরে মানুষদের) একটি অর্থপূর্ণ জীবন দিতে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, নতুন প্রজন্মের স্থপতিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সেভাবে তৈরি করতে হবে।”

বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় ‘বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ অ্যান্ড সেটেলমেন্টের’ উদ্যোগে তিনদিনের এই আয়োজন উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আগামী শনি ও রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫ পর্যন্ত চলবে এ আয়োজনের মূল পর্ব।

স্থাপত্য কলার নতুন গতিবিধি পর্যবেক্ষণ ও অনুধাবন করতে এই সম্মেলনের আয়োজন বলে আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

Image
‘আর্কিটেকচার নাউ/নেক্সট’ শিরোনামে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

‘আর্কিটেকচার নাউ/নেক্সট’ শিরোনামে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

“স্থাপত্য শিল্পের মাধ্যমে আমাদের সংস্কৃতি, বাস্তুসংস্থান এবং অর্থনীতির মাঝে এক নতুন যোগসূত্র স্থাপিত হচ্ছে। এই আয়োজন বিশ্বের স্থাপত্য সংস্কৃতি তুলে ধরবে, যার অগ্রভাগে থাকবে পরিবেশবান্ধব নির্মাণ শৈলী। ক্রমপরিবর্তনশীল পৃথিবীতে স্থাপত্য নির্মাণ, চর্চা ইত্যাদি বিষয়ের পাশাপাশি কোন ধরণের কাজগুলো অনুকরণীয় তাও স্থান পাবে এই সম্মেলনের আলোচনায়।”

এতে আরও বলা হয়, ঢাকাকে কেন্দ্রে রেখে এসব আলোচনার মাধ্যমে আয়োজকরা এমন একটি ধারণা সূত্রপাত করতে চায়, যা স্থপত্য শিক্ষাদান, চর্চা, সেটেলমেন্ট প্ল্যানিংয়ে নতুন নির্মাণশৈলীকে উৎসাহিত করবে।

আর এটি নগর নির্মাণে সংশ্লিষ্টদের নতুন পদক্ষেপ নিতে সহযোগিতা করবে বলে মনে করে আয়োজকরা।