২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী বসছেন জুলাইয়ে

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরার্শক কমিশনের (জিসিসি) বৈঠক আগামী জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 07:54 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যৌথ পরার্শক কমিটির বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে যৌথ পরার্শক কমিটির বৈঠক হয়।

বুধবার নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাক্ষাতে জিসিসির বৈঠকের এই সময়সূচি ঠিক হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ‘থিঙ্ক-ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন’র যৌথ আয়োজনে একটি বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে নয়া দিল্লিতে আছেন মাহমুদ আলী।

সাক্ষাতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য, পানি, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

তাদের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিকাশ স্বরূপ এক টুইটে বলেন, “এক মূ্ল্যবান প্রতিবেশী, গুরুত্বপূর্ণ বন্ধু। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইএএম (এক্সটারনাল অ্যাফেয়ার্স মিনিস্টার)।”