২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই হামার গাড়িটি বাজেয়াপ্ত করা কেন বেআইনি নয়: হাই কোর্ট

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজধানীর বসুন্ধরা সিটির পার্কিং থেকে নেওয়া হামার জিপটি বাজেয়াপ্ত করা কেন বেআইনি হবে না, সরকারকে তা জানতে বলেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 09:03 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

সরকারের পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে গাড়িটির ক্রেতা বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের একটি রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ এ রুল দেয়।

অর্থ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনারসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।  

ইস্ট-ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্টের কেনা যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের দামি গাড়ি হামার এইচ-থ্রির ২০০৬ মডেলের জিপটি ২০০৭ সালে র‌্যাব জব্দ করেছিল।

আহমেদ আকবর সোবহান বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্টেরও চেয়ারম্যান।

কম শুল্ক পরিশোধ করে জিপটি বন্দর থেকে খালাসের অভিযোগে ২০০৭ সালের ২৫ জুন বসুন্ধরা সিটির পার্কিং থেকে গাড়িটি জব্দ করেছিল র‌্যাব-২। এরপর কাস্টমস কর্তৃপক্ষ ২০০৯ সালের ২১ মে জিপটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে।

সেইসঙ্গে আমদানিকারক অটো মিউজিয়াম লিমিটেডকে ২৩ লাখ ৮৯ হাজার ৯৭৫ টাকা শুল্ক পরিশোধ এবং সমপরিমাণ ব্যক্তিগত জরিমানা এবং পাঁচ লাখ টাকা বিমোচন জরিমানা করা হয়। এবং তা দেওয়া সাপেক্ষে অটো মিউজিয়ামকে গাড়িটি খালাসের আদেশ দেওয়া হয়েছিল। 

Image
জেনারেল মোটরসের হামার এইচ-থ্রি মডেলের একটি জিপ, এরকম একটি গাড়িই কিনেছিল ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট

জেনারেল মোটরসের হামার এইচ-থ্রি মডেলের একটি জিপ, এরকম একটি গাড়িই কিনেছিল ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট

 

জিপটি জব্দ ও বাজেয়াপ্তের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আহমেদ আকবর সোবহান গত ২২ ফেব্রুয়ারি রিট আবেদন করেন, যা মঙ্গলবার শুনানির জন্য ওঠে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাস্টমস কর্তৃপক্ষ বা ট্রাইব্যুনলের কাছে কোনো প্রতিকার না চেয়ে দীর্ঘ নয় বছর পরে রিট আবেদনটি করা হয়।

“শুনানি নিয়ে হামার জিপটি জব্দ এবং বাজেয়াপ্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত। বিশেষ বার্তা বাহকের মাধ্যমে রুল জারি করতে বলা হয়েছে।”

রিট আবেদনকারীর আইনজীবী এ আর এম কাইয়ুম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানিকারক যে মূল্য নির্ধারণ করেছিল, তা দিয়েই রিট আবেদনকারী জিপটি কিনেছিলেন এবং বিআরটিএ-তে এর রেজিস্ট্রেশনও করা হয়।

“শুল্ক কম পরিশোধের অভিযোগে র‌্যাব গাড়িটি জব্দ করে। শুল্ক কম পরিশোধ হলে এর দায়িত্ব আমদানিকারকের, ক্রেতার নয়। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই রুল দেয়।”