২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ৩ ব্যাটালিয়ন র‌্যাব

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নির্বিঘ্নে করতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি তিন ব্যাটালিয়ন র‌্যাব মোতায়েন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 03:20 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

পুরনো খবর:

মাতৃভাষা দিবসে যান চলাচলে বিধিনিষেধ
একুশে ফেব্রুয়ারি: কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে চারস্তরের নিরাপত্তা

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকের এ কথা জানান।

তিনি বলেন, “শহীদ মিনারের নিরাপত্তায় ২, ৩ ও ৫ ব্যাটালিয়নের র‌্যাব সদস্যরা থাকবেন।”

নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে  র‌্যাবের হেলিকপ্টার মহড়া হয়।

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবের ‘বম্ব স্কোয়াড’ ও ‘স্ট্রাইকিং ফোর্সকে’ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হচ্ছে বলেও জানান বেনজীর।

সাদা পোশাকের র‌্যাব সদস্যরা এবং টহল দল বৃহস্পতিবার থেকেই শহীদ মিনার এলাকায় নজরদারি চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড কয়েকবার শহীদ মিনার এলাকা ‘সুইপিং’ করেছে, শনিবারও ‘সুইপিং’ করা হবে।

এছাড়া শহীদ মিনারের পুরো বেদী র‌্যাবের ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় থাকবে একং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে বলে এই বাহিনীর প্রধান জানান। 

“শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, দিবসটি ঘিরে সারা দেশেই নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব সদস্যরা নিয়োজিত থাকবে,” বলেন বেনজীর।

র‌্যাবের নিজস্ব গোয়েন্দা ইউনিট অন্য গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তথ্য আদান প্রদান করবে জানিয়ে তিনি বলেন, “শহীদ মিনারের আশপাশের হোটেল, রেস্ট হাইজ, বস্তি ও অন্যান্য সম্ভাব্য স্থানে তল্লাশি চালানোর পাশাপাশি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে।

এর পর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়ই ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়। প্রতিবছরের মতো এবারও একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, ভাষার জন্য বাঙালির আত্মত্যাগ স্মরণ করা হবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানে।  

সারা দেশে একুশে ফ্রেব্রুয়ারি নিরাপদ ও নির্বিঘ্ন করতে সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছেন র‌্যাব প্রধান বেনজীর আহমেদ।