রাজধানীতে হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার
রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফাইদুর রহমান (৩৬) নামে ওই ব্যক্তিকে বুধবার রাতে মিরপুরের টোলারবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ সুপার মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গার্মেন্টসের ঝুট ও মাছ ব্যবসায়ী ফাইদুর দীর্ঘদিন ধরে ইন্টানেটের মাধ্যমে হিযবুত তাহরীরের পক্ষে ও সরকারে বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিল, যার প্রমাণ তার ল্যাপটপে পাওয়া গেছে।
“ঢাকাসহ বিভিন্নস্থান থেকে সদস্য সংগ্রহ করা তার দায়িত্ব ছিল। ২০১০ সালে সে শাহবাগ এলাকা থেকে একবার গ্রেপ্তার হয়েছিল।”
তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আজাদ।
“তার আরো কয়েকজন সহযোগী রয়েছে, যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
২০০৭ সালে হিযবুত তাহরীর নিষিদ্ধ করা হয়।
