২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংবাদিকরা ভালো থাক’

সাংবাদিক ইউনিয়নের নির্বাচনগুলোতে বিপুল ভোটে জয়ী হতেন বলে তাকে বলা হতো ‘সাধারণ সাংবাদিকের নেতা’। মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়েও সাংবাদিকদের জন্য মঙ্গলকামনা ছিল আলতাফ মাহমুদের কণ্ঠে।  

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 06:32 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

পুরনো খবর:

সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই
সাংবাদিক আলতাফকে শেষ শ্রদ্ধা, দাফন হবে পটুয়াখালীতে
স্মরণীয় থাকবেন আলতাফ মাহমুদ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।      

সার্ভিকাল কম্প্রেসিভ মাইলো রেডিকিউলোপ্যাথিতে আক্রান্ত এই সাংবাদিকের স্পাইনাল কর্ডে অস্ত্রোপচার করেও তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। 

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, চিফ হুইপ আ স ম ফিরোজ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকেই শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় প্রেসক্লাবে  আলতাফ মাহমুদের কফিনে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রতি তার মমত্বের কথা স্মরণ করেছেন সাংবাদিকরা।  

অস্ত্রোপচারের আগের দিন গত বুধবার বঙ্গবন্ধু মেডিকেলের বিছানায় শুয়ে আলতাফ মাহমুদ আবেগমাখা কণ্ঠে এই প্রতিবেদককে বলেন, “সাংবাদিকরা ভালো থাকুক- এটাই আমার প্রত্যাশা। সবাইকে বলবেন আমার কথা।”

বিএফইউজে’র আওয়ামী লীগ সমর্থিত অংশের সভাপতি হওয়ার আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন আলতাফ। ১৯৯১ সালে অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

জীবনভর সাংবাদিকদের পক্ষে লড়াই করে এলেও শেষ জীবনে এই সাংবাদিকের চিকিৎসা চালাতে গিয়ে অর্থ সঙ্কটে পড়তে হয় তার পরিবারকে।

আলতাফ মাহমুদের স্ত্রী তাহমিনা মাহমুদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কেন যেন মন টানছে। ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে নিয়ে অস্ত্রোপচার করলে ভালো হতো। আমার কেন যেন মন ছটফট লাগছে। বিদেশে নিতে বহু টাকার দুশ্চিন্তাও আছে। সেজন্য কিছুই করতে পারছি না।”

এই প্রেক্ষাপটে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয় আলতাফের পরিবারকে।

বৃহস্পতিবার অস্ত্রেপচারের পর চিকিৎসকরা বলেছিলেন, তারা আশাবাদী। কিন্তু শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। সকালে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন।

জীবনভর সাংবাদিকদের দুঃসময়ে পাশে ছিলেন আলতাফ মাহমুদ। তার এভাবে চলে যাওয়ায় সাংবাদিক সমাজে নেমে আসে শোকের ছায়া।

দুপুরে তার কফিন প্রথমে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং পরে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়। দুই জায়গাতেই এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানানো হয় ফুল দিয়ে। তার জানাজায় অংশ নেন সহকর্মীরা। 

দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক আলতাফ মাহমুদের সাংবাদিকতার শুরু সত্তরের দশকে, দৈনিক স্বদেশে। এরপর সাপ্তাহিক খবর, দৈনিক খবর, সাপ্তাহিক চিত্রবাংলা, দৈনিক কিশানসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন তিনি।

Image
আলতাফ মাহমুদ

আলতাফ মাহমুদ

বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের বড় বড় সমাবেশের সংবাদ সংগ্রহ করেছেন আলতাফ। বিভিন্ন টেলিভিশনের টকশোতেও তাকে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে।

সহকর্মীরা জানান, সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলনে সব সময় প্রথম কাতারে ছিলেন আলতাফ মাহমুদ। কোনো পত্রিকায় বেতন আটকে থাকলে, কোথাও ছাঁটাই হয়েছে শুনলে তিনি নিজে গিয়ে খোঁজ খবর নিয়েছেন।

আলতাফ মাহমুদের মৃত্যুতে সাংবাদিকরা একজন ‘অভিভাবক’ হারালো বলে মন্তব্য করেন প্রেসক্লাবে শ্রদ্ধা জানাতে আসা একজন।

সাংবাদিকতায় থিতু হওয়ার আগে কিছুদিন চলচিত্রে কাজ করেছেন আলতাফ মাহমুদ। মৃত্যুর আগেও তিনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন।

তার দীর্ঘদিনের সহকর্মী স্বপন দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পটুয়াখালী থেকে আলতাফ ঢাকায় এসেছিলেন নায়ক হবেন বলে। আমি তাকে দোস্ত বলে ডাকি। সরদার জাহাঙ্গীরের পরিচালনায় একটি ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয়ও করেছিলেন। অবশ্য নানা জটিলতায় সেই ছবিটি আর মুক্তি পায়নি।”

দীর্ঘ সাংবাদিকতা জীবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সূচনা, চট্টগ্রামের লালদিঘী মাঠের জনসভায় শেখ হাসিনার ওপর গুলিবর্ষণসহ অনেক ঘটনার সাক্ষী ছিলেন আলতাফ মাহমুদ।

একবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছিলেন, “১৯৭৫ সালে যখন জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ছাপতে গণমাধ্যম ভয় পেত, তখন আমি বুকে সাহস নিয়ে বঙ্গবন্ধুর ছবি সাপ্তাহিক খবরে প্রকাশ করেছিলাম।”

দুপুরে আলতাফ মাহমুদের কফিন জাতীয় প্রেসক্লাবে নেওয়া হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল-আলম হানিফ, আফজাল হোসেন, তথ্যসচিব মরতুজা আহমদ, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কামরুল হাসান ও পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর জাতীয় প্রেসক্লাবের জানাজায় অংশ নেন।

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী,  জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন নেতা রিয়াজ উদ্দিন আহমেদ, আমানুল্লাহ কবীর, শাহজাহান মিয়া, মঞ্জুরুল আহসান বুলবুল, আবদুল জলিল ভুইয়া, ওমর ফারুক, কুদ্দুস আফ্রাদ, জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন সাহা, স্বপন দাশগুপ্ত, কার্তিক চ্যার্টাজি, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকসহ অনেকেই এসেছিলেন আলতাফ মাহমুদর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। 

দুপুরেই জাতীয় প্রেসক্লাব থেকে আলতাফ মাহমুদের কফিন বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে তার মরদেহ নেওয়া হয় পটুয়াখালীর গলাপিচায়, গাজালিয়ায় গ্রামে। গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন সাংবাদিক আলতাফ মাহমুদ।

তিনি দুই মেয়ে আইরিন মাহমুদ ও আফরিন মাহমুদ, ছেলে হাসিব মাহমুদ তপু এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।