১০ মার্চ ‘দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালনের সিদ্ধান্ত
মার্চ মাসের শেষ বৃহস্পতিবার নয়, মন্ত্রিসভায় অনুমোদন পেলে প্রতি বছর ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করবে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বুধবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় ১০ মার্চ দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী, বিভিন্ন দুর্যোগ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সাল থেকে সারাদেশে মার্চ মাসের শেষ বৃহস্পতিবার ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত হচ্ছে।
তবে ২০১৫ সালে স্বাধীনতা দিবস মার্চ মাসের শেষ বৃহস্পতিবার পড়ে। ফলে একই দিনে দুর্যোগ প্রস্তুতি দিবস পালনে সমস্যার পড়ে মন্ত্রণালয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ অনুমোদন নিয়ে গত বছর ৩১ মার্চ দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। ওই সময় মন্ত্রিপরিষদ বিভাগ একটি নির্দিষ্ট দিনে এই দিবস পালনের নির্দেশনা দিয়েছিল।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের জানান, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ১০ মার্চ দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠানো হবে।
“মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রতি বছর ১০ মার্চ দিবসটি পালন করা হবে।”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ্ কামালের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
