২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের শব্দযোদ্ধা রাশিদুল হোসেনের চিরবিদায়

একাত্তরে যাদের হাতে গড়ে তোলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাঙালিকে স্বাধীনতার লাল সূর্যের বার্তা দিয়ে যুগিয়েছিল লড়াইয়ের প্রেরণা, তাদেরই একজন শব্দযোদ্ধা রাশিদুল হোসেন সব যুদ্ধ সাঙ্গ করে চিরবিদায় নিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 09:38 AM

Updated : 12 Oct 2022, 04:43 PM

পুরনো খবর:

রাশিদুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মঙ্গলবার  ভোর ৪টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাশিদুলের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

বিএসএমএমইউ’র প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “রাশিদুল হোসেন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার শ্বাসকষ্টও ছিল। বাইরের একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থা খারাপের দিকে যাওয়ায় আমরা এখানে নিয়ে এসেছিলাম।”

এই শব্দসৈনিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ বেতারের প্রকৌশলী হিসেবে তিন দশকেরও বেশি সময় কাজ করেছেন রাশিদুল হোসেন। সকাল সাড়ে ১০টার দিকে তার কফিন আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কার্যালয়ে নেওয়া হলে সাবেক সহকর্মী, সাংস্কৃতিক কর্মী ও বেতারের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। 

Image
শব্দযোদ্ধা রাশিদুল হোসেন

শব্দযোদ্ধা রাশিদুল হোসেন

সেখানে জানাজা শেষে রাশিদুলের মরদেহ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার উত্তর মোরাইলে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার ছেলে মো. মুনীর হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুনীর বলেন, “আমার বাবা ৩৪ বছর এখানে কাজ করেছেন। উনার ইচ্ছা ছিল যেন তার মরদেহ এখানে নিয়ে আসা হয়। তার ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়িতেই আসরের পর দাফন হবে।” 

ভাস্তি ফারহানা জামান ন্যান্সি জানান, রাশিদুল হোসেন বাংলাদেশ বেতার থেকে অবসরে যান আঞ্চলিক প্রকৌশলী হিসেবে। দুই মেয়ে এক ছেলেকে নিয়ে মিরপুর ডিওএইচএসে থাকতেন তিনি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক রেজাউল করিম চৌধুরী, আশফাকুর রহমান ও মাজহারুল ইসলামও বেতার ভবনে এসেছিলেন রাশিদুল হোসেনকে শেষবারের মতো দেখতে।    

১৯৭১ এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী যখন মুক্তিকামী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন বেতারের একদল কর্মী চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রকে ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’ ঘোষণা দেন। সেখান থেকেই ২৬ শে মার্চ আওয়ামী লীগ নেতা এম এ হান্নান বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা পরদিন পাঠ করেন জিয়াউর রহমানও।

যে দশ সাহসী সৈনিকের উদ্যোগে স্বাধীন বাংলা বেতারের সূচনা, তারা হলেন- সৈয়দ আবদুস শাকের, বেলাল মোহাম্মদ, রাশিদুল হোসেন, আমিনুর রহমান, শারফুজ্জামান, মুস্তফা আনোয়ার, আবদুল্লাহ আল ফারুক, রেজাউল করীম চৌধুরী, আবুল কাশেম সন্দীপ ও কাজী হাবীব উদ্দিন।  রাশিদুল ছিলেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

৩০ মার্চ স্বাধীন বাংলা বেতারে প্রথমবারের মতো শোনা যায় ‘জয় বাংলা, বাংলার জয়’। ওইদিন দুপুরে পাকিস্তানি বাহিনীর হামলায় এ বেতারের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরে এ কেন্দ্রের সদস্যরা দুই দলে ভাগ হয়ে  আগরতলা ও ত্রিপুরায় ছড়িয়ে পড়েন। ওই দুই জায়গা থেকেই বিভিন্ন সময়ে স্বাধীন বাংলা বেতারের কণ্ঠ শোনা যেতে থাকে।

১০ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হওয়ার পর ভারত সরকারের সহায়তায় কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোড থেকে সম্প্রচার শুরু করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিকদের কণ্ঠ যুদ্ধ চলে স্বাধীনতার আগ পর্যন্ত।