২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধতা: ছয় মাসে হাল শিথিল আনিসুলের

‘স্মার্ট’ ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত আনিসুল হক বলেছেন, রাজধানীর জলাবদ্ধতা দূর করতে ‘কোনো নিশ্চয়তা’ তিনি দিতে পারবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 08:13 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

পুরনো খবর:

‘স্মার্ট’ ঢাকার প্রতিশ্রুতি আনিসুলের

বুধবার রাজধানীর মোহম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে তিনি বলেন, “একটা বিষয়ে মেয়র কোনো নিশ্চয়তা দিতে পারছে না, সেটা হচ্ছে রাজধানীর জলাবদ্ধতা।”

নির্বাচনী প্রতিশ্রুতিতে জলাবদ্ধতা নিরসনে ‘ড্রেনেজ নেটওয়ার্ক’ গড়ে তোলার কথা বলেছিলেন আনিসুল।

এ প্রসঙ্গে তিনি এখন বলছেন, “যেভাবে আমাদের ড্রেনেজ সিস্টেম নষ্ট করা হয়েছে, খালগুলো অবৈধ দখল করে ধ্বংস করা হয়েছে।  ৪৬টি খালের মধ্যে মাত্র ১৩টি নিয়ে আমরা স্থানীয় সরকার মন্ত্রীর কাছে প্রেজেন্টেশন দিয়েছি। এ খালগুলো ঢাকা জেলা প্রশাসনের আওতাধীন, আর পরিচর্যা করছে ওয়াসা।”

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ভোটের আগে ‘পরিচ্ছন্ন-সবুজ-আলোকিত-মানবিক’ ঢাকার স্লোগান নিয়ে ইশতেহার ঘোষণার সময় নাগরিক সেবার ঘাটতির জন্য ‘দক্ষ’ সমন্বয়কের অভাবের কথা বলেছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক।

নির্বাচিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সুষম সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিতের প্রত্যয় জানিয়েছিলেন তিনি।

ঢাকা উত্তরের মেয়রের দায়িত্ব নেওয়ার ছয় মাস পেরিয়ে তিনি ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল ঠিক করার বিষয়টি ‘দায়িত্বশীলদের’ ওপর চাপালেন।  

“আপনারা খাল পরিষ্কার করে দেন, সেটা মেয়র এবং কাউন্সিলরা রক্ষা করবে,” বলেন আনিসুল হক।

‘সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের চলাচলে ফুটপাত দখলমুক্তকরণ, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার লক্ষ্যে’ মতবিনিময় সভায় বক্তব্য দেন ঢাকা উত্তরের মেয়র।

গত ছয় মাসে সিটি করপোরেশনের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন আনিসুল হক। পাশাপাশি শহরের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

“নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে গুলশান, বনানী, নিকেতন এলাকায় ১০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে টঙ্গী থেকে সোনারগাঁও সিগন্যাল পর্যন্ত পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে।”

আগামী বছরের ‘জুলাই-অগাস্ট-সেপ্টেম্বর’র মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, “এই সিসিটিভিগুলো শহরের অপরাধ রোধে সহায়ক হবে।  

“আমরা রাতের ঢাকাকেও দিনের মতো উজ্জ্বল করতে চাই। আগামী বছরের শেষে পুরো শহরে এলইডি লাইট লাগানোর ব্যবস্থা করতে চাই। এতে শহরে কোনো ‘ব্ল্যাক স্পট’ থাকবে না।”

ঢাকা শহরে সবুজায়নের অংশ হিসেবে শহরের ৫৬টি ফুটওভারব্রিজে ফুলের বাগান করা হবে বলে জানান মেয়র আনিসুল।

রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত করতে আরও কিছুদিন সময় চেয়ে তিনি বলেন, “যারা দখলদার তারা প্রভাবশালী, আমরা এদের অনেককেই চিনি। তাদের সাথে কথা বলছি। এই ফুটপাতের সাথে অনেক জীবন জড়িত। হুট করে কিছু করতে চাই না।”

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়তে জুমার নামাজের সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে আলেমদের অনুরোধ জানান।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, পুলিশের এডিসি ওয়াহেদুল ইসলাম, ট্রাক ও কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী বক্তব্য দেন।